ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার লালমাই উপজেলায় দুলাল হোসেন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার পেরুল দক্ষিণ ইউনিয়নের পেরুল উত্তর পাড়া, মিয়াজী বাড়ির সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ওই যুবক কুমিল্লা আদর্শ সদর উপজেলার বল্লভপুর গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, স্থানীয়রা রেললাইনের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও জানান, নিহত যুবকের মাথা ও শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এটি কোনো রেল দুর্ঘটনার মতো মনে হচ্ছে না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোথাও হত্যা করে রেললাইনের পাশে লাশ ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।
তারা আসলে আরও বিস্তারিত তথ্য জানাতে পারবেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কাতারে ইসরায়েলি হামলায় তারেক রহমানের উদ্বেগ