নারায়ণগঞ্জের ফতুল্লায় ডিবি পরিচয় দিয়ে যাত্রীবাহী বাসে দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় অন্তত ১৫ যাত্রীর কাছ থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা হাতিয়ে নেয় ডাকাতরা। এ ঘটনায় তিনজন আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার মাহমুদপুর এলাকার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ডাকাতির ঘটনা ঘটে।
আটকরা হলেন-আরিফুল ইসলাম (৫০), চালকের সহকারী আবু সাইদ (৩৫) ও শাওন (১৫)।
ভুক্তভোগী যাত্রীরা জানায়, বুধবার রাতে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা নারায়ণগঞ্জগামী বাসটি বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে ফতুল্লার সাইনবোর্ড এলাকায় পৌঁছায়। এসময় চালক যাত্রী নামানোর জন্য সাইনবোর্ড মোড়ে গাড়ি না রেখে কিছুটা দূরে মাহমুদপুর এলাকায় জেলা আঞ্চলিক পাসপোর্টের কাছে থামান। সেখানে কয়েকজন যাত্রী নামার সময় একদল যুবক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে গাড়িতে উঠে। একপর্যায়ে যুবকরা অস্ত্রের মুখে জিম্মি করে দুই নারী যাত্রীর কাছ থেকে সোনার চুরি, চেইন, কানের ঝুমকাসহ অন্যান্য যাত্রীর কাছ থেকে টাকা পয়সা লুটে নেয়।
তারা জানায়, বাস চালক ও চালকের সহাকারীর আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি পুলিশকে জানানো হয়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম বলেন, এখনও বলা যাচ্ছে না এটা ছিনতাই নাকি ডাকাতি। তবে বাসচালক ও তার দুই সহকারীকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত করে যদি তাদের সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে গ্রেপ্তার করা হবে।
