এমিরেটস তাদের সর্বাধুনিক এয়ারবাস এ৩৫০ বিমান চীনের হাংজুতে দৈনিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। আগামী ২৬ অক্টোবর থেকে এ ফ্লাইট চালুর কথা রয়েছে।
এছাড়া সম্প্রতি এই নগরীতে বাণিজ্যিক সেবা চালু করেছে এয়ারলাইনটি।
এমিরেটস কর্তৃপক্ষ জানিয়েছে, এ৩৫০ চালুর মধ্য দিয়ে প্রথমবারের মতো দুবাই-হাংজু রুটে প্রিমিয়াম ইকোনমি কেবিন সেবা যুক্ত হচ্ছে। বিলাসবহুল ভ্রমণকে আরও সহজ করতে এমিরেটস প্রিমিয়াম ইকোনমি কেবিন চালু করা হয়েছে। এ শ্রেণিতে ভ্রমণের অভিজ্ঞতা অনেকাংশে অন্যান্য এয়ারলাইনের বিজনেস শ্রেণির সমতুল্য। তবে ভ্রমণ ব্যয় সাধ্যের মধ্যে থাকছে। এছাড়া এই শ্রেণিতে রয়েছে প্রশস্ত চামড়ার রিক্লাইনিং সিট, বেশি লেগ স্পেস, ফুটরেস্ট, অ্যাডজাস্টেবল হেডরেস্ট, সিটে চার্জিং পয়েন্ট, সাইড ককটেল টেবিল, ১৩ দশমিক ৩ ইঞ্চি টিভি স্ক্রিন, বড় আকারের বালিশ, কম্বল এবং নির্দিষ্ট ফ্লাইটে কমপ্লিমেন্টারি অ্যামেনিটি কিট।
২০০৮ সালের পর এমিরেটস বহরে প্রথম নতুন মডেলের এ৩৫০ যুক্ত হয়। এতে রয়েছে আধুনিক ও প্রশস্ত কেবিন, উঁচু ছাদ ও প্রশস্ত আইল। এছাড়াও রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি-নির্ভর সেবা ও উদ্ভাবনী ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেম। তিন শ্রেণি বিশিষ্ট এ৩৫০ বিমানে ৩১২টি আসন রয়েছে। এর মধ্যে বিজনেস শ্রেনিতে নতুন প্রজন্মের ৩২ আসন, প্রিমিয়াম ইকোনমি শ্রেণিতে ২১ ও ইকোনমি শ্রেণিতে ২৫৯ আসন রয়েছে।
