পুলিশকে লক্ষ্য করে গুলি, ৩ পুলিশ আহত

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৬ পিএম

কক্সবাজারে মহেশখালীর মাতারবাড়িতে পুলিশের টহলদলের সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়েছে দুর্বৃত্তরা। এতে পুলিশের তিন সদস্য আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের কয়লা বিদ্যুৎ প্রকল্প ব্রিজের পাশে এ ঘটনা ঘটে বলে জানান থানার ওসি মো. মঞ্জুরুল হক। 

আহতরা হলেন- মহেশখালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেলিম উদ্দিন ও কনস্টেবল মো. সোহেল। তবে আহত অপর পুলিশের সদস্যের নাম নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় মহেশখালী থানার এএসআই সেলিম উদ্দিন, কনস্টেবল সোহেলসহ তিনজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। 

স্থানীয়দের বরাতে মঞ্জুরুল হক বলেন, রাতে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প এলাকার মীর আকতার কোম্পানি ব্রিজ সংলগ্ন স্থানে কতিপয় সন্দেহভাজন লোকজন অপরাধ সংঘটনের উদ্দেশ্যে সশস্ত্র অবস্থানের খবর পায় পুলিশ। পরে পুলিশের একটি টহলদল ঘটনাস্থলে পৌঁছলে উপস্থিত টের পেয়ে পালানোর চেষ্টা করে।  

“এতে ধাওয়া দিলে পুলিশ সদস্যদের লক্ষ্য করে দুর্বৃত্তরা অতর্কিত গুলি ছুড়তে থাকে। পুলিশ সদস্যরা আত্মরক্ষার্থে কঠোর অবস্থান নিলে গুলি ছুড়তে ছুড়তে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের তিনজন সদস্য গুলিবিদ্ধ হয়। “

ওসি বলেন, “আহতদের স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলার বদরখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় তাদের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।” 

ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান মো. মঞ্জুরুল হক।

এদিকে পুলিশের সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে রওনা দেন মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হকসহ অতিরিক্ত পুলিশ সদস্যরা। পাশাপাশি নৌবাহিনী, কোস্ট গার্ড ও পুলিশের যৌথ উদ্যোগে এলাকায় চিরুনি অভিযান চালানোর প্রস্তুতি চলছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত