ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ‘ডাকসু নির্বাচনে যে রকম ত্রুটির কথা বলছে আসলে সেরকম কোনো ত্রুটি হয়নি। ডাকসুতে যে নির্বাচন হয়েছে সেখানে বাম-রামদের নিপাত হয়েছে, ভারতপন্থীদের কবর রচিত হয়েছে এবং ইসলামপন্থীদের বিজয় হয়েছে।’
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইবি শাখার আয়োজিত ‘ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স’ শীর্ষক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন সম্ভব কিনা তা বলতে পারব না। তবে প্রশাসনের যে অবস্থা তার যদি সংস্কার না হয়, ঢেলে সাজানো না হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন হলেও তা বিতর্কিত হবে, প্রশ্নবিদ্ধ হবে, এতে কোন সন্দেহ নেই।’
ফয়জুল করিম বলেন, ‘আমরা যারা ইসলামী দলগুলো আছি, আমরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণের চিন্তা করছি। আগামী নির্বাচনে ইসলামের পক্ষে একটি বাক্স দেওয়ার চেষ্টা করব।’
অনুষ্ঠানে ইসলামী ছাত্র আন্দোলন ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, প্রধান বক্তা হিসেবে ছিলেন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমদ মনসুর।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুষ্টিয়া জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আহম্মদ আলী, ঝিনাইদহ জেলা সভাপতি ডা. এইচ এম মোতাজুল করিম, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক মো. আশিকুল ইসলাম, ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আহমাদ আব্দুল জলিল, অ্যাসিস্টেন্ট অ্যাটর্নি জেনারেল জমারত আলী, ঢাবি ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের প্রতিষ্ঠাতা মোহাম্মদ হিরা সরকার, কুষ্টিয়া-৪ আসনের ইসলামী আন্দোলনের সংসদ সদস্য পদপ্রার্থী আনোয়ার খান ও ঝিনাইদহ জেলা ইসলামী আন্দোলনের উপদেষ্টা মো. নুর আলম বিশ্বাসসহ প্রমুখ।
‘জাকসু নির্বাচন সুষ্ঠু হয়নি’ অভিযোগ বামপন্থী প্যানেলের
বাংলাদেশে নতুন ইতিহাস, শিবিরকে শুভেচ্ছা পাকিস্তান জামায়াত আমিরের