ভারতের বোর্ড প্রেসিডেন্ট হওয়া প্রসঙ্গে মুখ খুললেন শচিন টেন্ডুলকার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৭ পিএম

ক্রিকেটের কিংবদন্তি ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পরবর্তী প্রেসিডেন্ট গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে টেন্ডুলকারের প্রতিষ্ঠান জানায়, এই ধরনের খবর একেবারেই ভিত্তিহীন।

৫২ বছর বয়সী টেন্ডুলকারের প্রতিষ্ঠান এক বিবৃতিতে বলেছে,“সম্প্রতি কিছু প্রতিবেদন ও গুজব ছড়িয়েছে যে মি. শচীন টেন্ডুলকারকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি হিসেবে বিবেচনা করা হচ্ছে কিংবা মনোনীত করা হয়েছে। আমরা স্পষ্টভাবে জানাতে চাই যে এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমরা সবাইকে অনুরোধ করছি ভিত্তিহীন জল্পনা-কল্পনাকে গুরুত্ব না দিতে।”

বিসিসিআইয়ের বর্তমান প্রেসিডেন্ট রজার বিনির মেয়াদ গত জুলাইয়ে শেষ হয়েছে। তিনি ৭০ বছরে পৌঁছানোয় বোর্ডের সংবিধান অনুযায়ী এই পদে আর থাকতে পারেন না। বিনি ২০২২ সালের অক্টোবরে সভাপতি নির্বাচিত হয়েছিলেন।

আগামী ২৮ সেপ্টেম্বর বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) নতুন প্রেসিডেন্ট  নির্বাচনের পাশাপাশি ওম্বাডসম্যান ও নৈতিকতা কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে। একইসঙ্গে বোর্ডের আইসিসি প্রতিনিধি নির্বাচিত হবেন।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত