জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বাংলাদেশের পুরনো যে সংবিধান সেখানে শ্রমিকদের অধিকার, জানতার অধিকার নিশ্চিত করা হয়নি। এই সংবিধান বাংলাদেশের মানুষকে মুক্তি দিতে পারে নাই। আমরা বাংলাদেশ সরকার ও রাজনৈতিক দলের কাছে আহবান করছি অবশ্যই শ্রমিকের অধিকারের কথা, জনতার অধিকারের কথা থাকে এমন একটি নতুন সংবিধান প্রনয়ণ করতে হবে। বাংলাদেশের মানুষের কথা, শ্রমিকদের কথা এই সংবিধানে পরিস্কারভাবে সুরক্ষিত করতে হবে।
শুক্রবার সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তা এলাকায় চান্দনা স্কুল এণ্ড কলেজ মাঠে পরিবহন, গার্মেন্টস, হকারসহ সকল শ্রমজীবী মেহনতী মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক অধিকার আদায়ে শ্রমিক সমাবেশে এসব বলেন তিনি।
তিনি আরও বলেন, ২৪ এর অভ্যুথানের পরেও শ্রমিকের অধিকার নিশ্চিত করা যায়নি। শ্রম সুপারিশ কমিটি গঠন করা হয়েছে কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়ন করা হয়নি। আমাদের শ্রমিক ভাইয়া বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজ করে কিন্তু সেখানে এখনো তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। আমাদের শ্রমিকরা যে শ্রম দেয়, সেই শ্রমে সরকার চলে, দেশ এগিয়ে যায়। কিন্তু এখন পর্যন্ত শ্রমিকদের নায্যতা নিশ্চিত করা হয়না। শ্রমিকরা নায্য মূল্য পায়না, এখনো কখন নিশ্চিত করা হবে। শ্রমিকরা সংখ্যাগরিষ্ঠ কিন্তু অফিস আদালত ও সরকারি সেবা পাওয়ার ক্ষেত্রে শ্রমিকরা বঞ্চিত থেকেছে সবসময়। তাই আমরা বলতে চাই শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে, শ্রমিকদের মর্যাদা দিতে হবে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গাজীপুর জেলা মহানগর শ্রমিক উইং এর আয়োজনে এ সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী মাজহারুল ইসলাম ফকির। এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আলী নাসের খান, এনসিপির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ আল মুহিম, রিয়াজ মোর্শেদ, বশির আহম্মেদ, শ্রমিক নেতা আরমান হোসেনসহ এনসিপির কেন্দ্রীয় নেতারা ও শ্রমিক উইংয়ের শীর্ষ নেতারা।
