'এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতে চায় না ভারত'

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৩ পিএম

আগামীকাল এশিয়া কাপের ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই লড়াই ঘিরে উত্তেজনা আগেই তুঙ্গে, আর সেই উত্তাপ আরও বাড়ালেন পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার।

আখতারের মতে, ভারত নাকি এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হতে চায় না। তার বদলে আফগানিস্তানকে প্রতিপক্ষ হিসেবে পছন্দ করবে সূর্যকুমার-গিলরা।

পাকিস্তানের এক স্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন ভারতের আগ্রাসী খেলার ধারা ও ম্যাচের চাপ নিয়ে। একইসঙ্গে পাকিস্তানকে শতভাগ প্রস্তুতি নিয়ে নিজেদের সেরা ক্রিকেট খেলতে পরামর্শ দেন তিনি।

ভারত পাকিস্তানের বিপক্ষে কেমন খেলতে পারে—এমন প্রশ্নে আখতার বলেন, ‘ব্যাপারটা খুবই স্পষ্ট, তারা আপনার ওপর পূর্ণ আধিপত্য রেখে খেলবে চাইবে এবং আপনাকে পুরো ধসিয়ে দেওয়ার জন্যই খেলবে।’

গ্রুপ পর্ব পেরোতে পারলে সুপার ফোরে আবারও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে হবে ভারতকে। সেখানে রাউন্ড-রবিন পদ্ধতিতে প্রত্যেক দল তিনটি করে ম্যাচ খেলবে, আর সেই পারফরম্যান্সই নির্ধারণ করবে কোন দুটি দল ফাইনালে জায়গা করে নেবে। আখতারের মতে, ভারত ফাইনালে পাকিস্তানের বদলে আফগানিস্তানের সঙ্গে খেলতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। তার ভাষায়, ‘যদি শক্ত বার্তা দেওয়ার কথা আসে, তাহলে ভারত ফাইনালে পাকিস্তানকে নয়, আফগানিস্তানকেই প্রতিপক্ষ হিসেবে চাইবে।’

তবে সাম্প্রতিক সীমিত ওভারের ক্রিকেটে পাকিস্তানের চেয়ে এগিয়ে থেকেও ভারত সহজ প্রতিপক্ষ নয় বলে মনে করেন তিনি। বিশেষ করে পাকিস্তানের শুরুটা কতটা ভালো হয়, সেটাই ম্যাচের ভাগ্য গড়তে পারে।

আখতারের মতে, ‘একটা বিষয় নিশ্চিত, পাকিস্তানের সুযোগ রয়েছে। যদি তারা (ভারত) শুরুতে দ্রুত উইকেট না হারায় এবং মোমেন্টাম ধরে রাখে। বিরাট কোহলির মতো অভিজ্ঞ ব্যাটারকে ছাড়াও তারা চাপ সৃষ্টি করতে পারে এবং সত্যিকার অর্থেই জেতার সুযোগ তৈরি করবে। তাতে পাকিস্তানের ভালো শুরু করাটাই হবে আসল চাবিকাঠি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত