দুই বছর পর প্রথমবারের মতো পেনাল্টি মিস করলেন লিওনেল মেসি। আর তার সেই ব্যর্থতাকে পুঁজি করে দুর্দান্ত ফর্মে থাকা শার্লট এফসির কাছে ৩-০ গোলের লজ্জাজনক পরাজয় বরণ করল ইন্টার মায়ামি। শনিবার ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে হ্যাটট্রিক করেন শার্লটের ইদান টোকলোমাতি।
ম্যাচের ৩২ মিনিটে মেসিকে শার্লট ডিফেন্ডার জিবরিল দিয়ানি মারাত্মক ফাউল করায় ভিএআর দেখে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। আত্মবিশ্বাসে ভরপুর মেসি পানেনকা শটে গোল করার চেষ্টা করলেও শার্লট গোলরক্ষক ক্রিস্টিজান কাহলিনা বল ঠেকিয়ে দেন। ২০২২ বিশ্বকাপের গ্রুপপর্বে পোল্যান্ডের বিপক্ষে মেসির শেষ পেনাল্টি মিস হয়েছিল। এরপর ইন্টার মায়ামির হয়ে নেওয়া তিনটি পেনাল্টিতেই তিনি সফল হয়েছিলেন।
মেসির পেনাল্টি মিসের পর পরই ম্যাচের রঙ বদলে যায়। পাল্টা আক্রমণে শার্লটের কেরউইন ভার্গাসের পাস থেকে গোল করেন ইদান টোকলোমাতি। বিরতির পর ৪৭ মিনিটে কাছ থেকে নেওয়া শটে করেন দ্বিতীয় গোল। এরপর ৮৪ মিনিটে উইলফ্রিড জাহার ওপর ফাউলের পর পেনাল্টি থেকে হ্যাটট্রিক পূর্ণ করেন। টানা নবম ম্যাচ জিতে ইস্টার্ন কনফারেন্সের সেরা চারে নিজেদের অবস্থান আরও শক্ত করল শার্লট।
অন্যদিকে ম্যাচজুড়ে মায়ামি ছন্দই খুঁজে পায়নি। একমাত্র ভালো সুযোগ এসেছিল তাদেও আলেন্দের শটে, কিন্তু সেখানেও কাহলিনা দারুণ সেভ করেন। ৭৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন মায়ামি ডিফেন্ডার তোমাস আভিলেস, ফলে শেষ সময়টা ১০ জন নিয়ে খেলতে হয় অতিথিদের। এই পরাজয়ের পর মায়ামি প্লে-অফের লড়াইয়ে টিকে থাকলেও বাকি ম্যাচগুলো কঠিন হয়ে উঠল তাদের জন্য।
এদিন মায়ামির একাদশে ছিলেন না উরুগুয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। যিনি লিগস কাপ ফাইনালে সিয়াটল স্টাফের ওপর থুতু ছোড়ার ঘটনায় তিন ম্যাচ এমএলএস ও ছয় ম্যাচ লিগস কাপ নিষেধাজ্ঞায় আছেন। আগামী মঙ্গলবার সিয়াটলের বিপক্ষেও তার খেলা হবে না। ম্যাচ শেষে হতাশ কোচ হাভিয়ের মাসচেরানো বলেন, ‘৩-০ ব্যবধানে হার অবশ্যই দুশ্চিন্তার। আমরা আত্মবিশ্বাস ফেরাতে চেয়েছিলাম, কিন্তু সেটা হয়নি। সামনে কঠিন সময়। তবে আমরা পরিশ্রম ও জয়ের মধ্য দিয়েই ঘুরে দাঁড়াতে পারব।’
পাকিস্তানের বিপক্ষে কোনো আবেগ নয়- দলকে স্পষ্ট বার্তা গম্ভীরের
দুই দলের হয়ে দুই ভাইয়ের গোল; জুভেন্টাসের রুদ্ধশ্বাস জয়
২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচ থাকতে চান আনচেলত্তি
‘জেন-জিরা হোটেলে হামলা করতে এসেছিল; আমাদের মৃত্যুভয় পেয়ে বসে’