'গারনাচো কি ঘুমাচ্ছিলেন', চেলসিতে অভিষেকেই সমালোচনায় বিদ্ধ আর্জেন্টাইন

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১০:৫১ এএম

চেলসির জার্সিতে প্রথম ম্যাচেই সমালোচনার মুখে পড়লেন আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দ্রো গারনাচো। ব্রেন্টফোর্ডের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে জয় হাতছাড়া করে ব্লুজরা। আর সেই সমালোচনার কেন্দ্রবিন্দুতেই ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ৪০ মিলিয়ন পাউন্ডে চেলসিতে যোগ দেওয়া এই তারকা।

গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডোতে ওল্ড ট্র্যাফোর্ড ছেড়ে আসা গারনাচোকে শুরুতে একাদশে রাখেননি চেলসি কোচ এনজো মোরেস্কা। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামলেও তাঁর অভিষেকটা হয়ে যায় তিক্ততায় ভরা।

কোল পামারের গোলে সমতায় ফেরার পর গারনাচোরও অবদান ছিল চেলসির দ্বিতীয় গোলে। ৮৫ মিনিটে তাঁর অংশগ্রহণে মোজেস কাইসেডো দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন। তবে যোগ করা সময়ে ব্রেন্টফোর্ড সমতা ফেরালে চেলসিকে জয়বঞ্চিত হতে হয়।

দীর্ঘ থ্রো-ইন থেকে বল পেয়ে কেভিন শ্যাডের সহায়তায় ফ্যাবিও কারভালহো গোল করেন। আর তাঁকে ঠিকঠাক মার্ক করতে না পারায় দায়ী করা হচ্ছে গারনাচোকে।

স্কাই স্পোর্টস বিশ্লেষক জেমি ক্যারাঘার সরাসরি দোষ চাপান তাঁর ওপর। তিনি বলেন, ‘গারনাচোর দায়িত্ব ছিল কারভালহোকে মার্ক করা। তুমি যদি তাকে ছেড়ে দাও, তবে গোলের দায় তোমার। সবাই বল দখলের চেষ্টা করছে, কিন্তু ওই মুহূর্তে গারনাচো মনোযোগ হারায়। এ কারণেই গোল খেতে হয়েছে।’

চেলসি কিংবদন্তি জিয়ানফ্রাঙ্কো জোলাও একই সুরে সমালোচনা করেন। তাঁর মতে, ‘ভুলটা সবসময় একই রকম—বল দেখতে গিয়ে খেলোয়াড়কে চোখে রাখা হয় না। কিন্তু গোলটা করে খেলোয়াড়, বল নয়।’

ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকরাও গারনাচোর এই ব্যর্থ অভিষেককে বিদ্রুপ করে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করছেন। ওল্ড ট্র্যাফোর্ডে আচরণগত নানা বিতর্কে জড়ানো এই আর্জেন্টাইনকে নিয়েই যেন নতুন করে শঙ্কিত চেলসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত