দরিদ্র নারীর চাল হাতিয়ে নেওয়ার অভিযোগ

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৪ পিএম

মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নে এক হতদরিদ্র নারীর ভিজিডি কার্ডের চাল হাতিয়ে নেওয়া অভিযোগ উঠেছে। রবিবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বিষয়টি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী অর্পনা রানী দাস। 

অভিযোগে জানা গেছে, ওই ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের অর্পনা রানী দাস দরিদ্র পরিবারের হওয়ায় সরকারের ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) কর্মসূচির অধীনে কার্ড পান। ১০ সেপ্টেম্বর স্থানীয় ইউপি সদস্য আজাদ মিয়া আনুষ্ঠানিকভাবে তার হাতে কার্ডটি তুলে দেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ইউনিয়ন সচিব রঞ্জন রায় ও ওই ইউপি সদস্য তার কাছ থেকে কার্ডটি নিয়ে নেন। পরে কার্ডে অর্পনার ছবি ছিঁড়ে অন্য এক স্বচ্ছল নারীর ছবি বসিয়ে নাম-পরিচয়সহ তথ্য পরিবর্তন করে ওই নারীর হাতে দুই মাসের ৬০ কেজি চাল তুলে দেন।

অভিযোগের বিষয়ে ইউনিয়ন সচিব রঞ্জন রায় বলেন, অর্পনা রানী নামে একাধিক নারী থাকায় ভুল হয়েছে। সংশোধন করে কার্ড বাতিল করা হবে।

জায়ফরনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাসুম রেজা বলেন, একটা ভুল বুঝাবুঝি হয়েছে। দ্রুত এর সমাধান হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত