বাংলাদেশি পণ্যের ওপর যুক্তরাষ্ট্র আরোপিত অতিরিক্ত ২০ শতাংশ পাল্টা শুল্ক আরও কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ বিষয়ে আলোচনার অংশ হিসেবে ঢাকায় সফররত মার্কিন বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এ তথ্য জানান।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সহকারী ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ ফর সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়া ব্রেন্ডান লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা।
তিনি জানান, পাল্টা শুল্ক নিয়ে আলোচনার ভিত্তিতে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার প্রস্তুতি চলছে। প্রতিনিধি দলের সঙ্গে এ বিষয়ে সৌহার্দ্যপূর্ণ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
শেখ বশিরউদ্দীন বলেন, ‘বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানোর লক্ষ্যে কাজ করছে। যদি এই লক্ষ্য পূরণ করা যায়, তবে শুল্ক হ্রাসের সুযোগ আরও তৈরি হবে। দ্রুতই দুই দেশের মধ্যে রেসিপ্রোকাল ট্যারিফ চুক্তি হতে পারে।’
তিনি আরও জানান, বৈঠকে কৃষি ও জ্বালানি খাতের পাশাপাশি বিমান কেনার প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে। এসব কেনাকাটার বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।
বৈঠকে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান ও জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জে বাবা হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
ইসরায়েলি হামলার পর কাতারে আরব-ইসলামিক শীর্ষ সম্মেলন