মুন্সীগঞ্জের গজারিয়ায় সাত বছরের শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মো. নোমান আহাম্মেদ নামে এক মাদরসার শিক্ষককে আটক করেছে পুলিশ। রবিবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চর বাউশিয়া এলাকার গজারিয়া কলিম উল্লাহ মাদরাসা থেকে তাকে আটক করে জেল হাজতে পাঠানো হয়।
আটক মো. নোমান আহাম্মেদের (২১) বাড়ি কুমিল্লার মুরাদনগর উপজেলার মুছাগাড়া গ্রামে। তিনি ওই মাদরাসার নূরানী বিভাগের সহকারী শিক্ষক।
ভুক্তভোগীর বাবা হাসেন আলী জানান, রবিবার সকালে বাচ্চাটা যখন মাদরাসায় যেতে চাচ্ছে না তখন তাকে কারণ জিজ্ঞাসা করলে সে জানায় শনিবার বিকেলে মাদরাসার সব শিক্ষার্থীরা যখন খেলার মাঠে খেলছিল তখন ওই শিক্ষক তাকে বাথরুমে নিয়ে বলাৎকারে চেষ্টা করলে সে চিৎকার দিলে তাকে ছেড়ে দেয়। কিন্তু এর আগেও ওই শিক্ষক দুই বার বলাৎকার করেছে তাকে। তাই সে মাদরাসায় যেতে চাচ্ছে না। এবিষয় থানায় জানানো হলে পুলিশ অভিযুক্ত শিক্ষককে আটক করে।
গজারিয়া কলিম উল্লাহ মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কুদ্দুস ফারুকী বলেন, এটা আমাদের জন্য লজ্জাজনক। আমরা তার শাস্তি চাই।
এ বিষয়ে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) মো. শহিদুল ইসলাম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে থেকে অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়। আইনগত ব্যবস্থা নিতে জেল হাজতে পাঠানো হয়েছে।
