মাধবপুরে কুকুরের কামড়ে আহত ৬

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০১:৪৩ পিএম

হবিগঞ্জের মাধবপুরে কুকুরের কামড়ে ছয় জন আহত হয়েছেন। রবিবার (১৪ সেপ্টেম্বর)  উপজেলার কমলপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ নিয়ে সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে স্থানীয় একটি মসজিদে কুকুর থেকে সাবধান থাকতে ও একে নিধন করতে মাইকিং করে সতর্ক করা হয়।

স্থানীয়রা জানান, হঠাৎ একটি কুকুর গ্রামে প্রবেশ করে এলোপাতাড়ি কামড়ে একের পর এক গ্রামবাসীকে আহত করে। আতঙ্কের মাত্রা বাড়তে থাকায় গ্রামবাসীকে সতর্ক করতে মসজিদে মাইকিং করা হয়। তবে কুকুরটির এখনও কোনো ব্যবস্থা হয়নি। দ্রুত সরকারি হস্তক্ষেপ ও স্থায়ী সমাধান দাবি জানিয়েছেন তারা।

এদিকে আহতদের মধ্যে মিলাদ মিয়া ও মনোয়ারা বেগমের নামে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে রেফার করা হয়েছে।

এ বিষয়ে মাধবপুরের প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মিঠুন সরকার জানান, কুকুরকে ধরে র‌্যাবিস টিকা দেওয়ার প্রযুক্তি আমাদের নেই। এটি বন বিভাগ করলে করতে পারে। আপাতত এলাকাবাসীকেই প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে হবে।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎক সঞ্জয় চন্দ্র পাল বলেন, প্রায় প্রতিদিনই ৪/৫ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিতে আসেন। গুরুতর হলে আমরা রেফার করে দেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত