দুই থানার নাশকতা মামলা থেকে মুক্তি পেলেন বিএনপির ১০৬ নেতাকর্মী

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৮ পিএম

রাজধানীর শাহবাগ ও রমনা থানায় দায়ের করা দুটি নাশকতার মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ মোট ১০৬ নেতাকর্মীকে অব্যাহতি দিয়েছেন আদালত।

সোমবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার পৃথক দুটি আদালত এ বিষয়ে রায় দেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ।

২০১৯ সালের ডিসেম্বর মাসে শাহবাগ এলাকায় যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় মির্জা ফখরুল, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়সহ ৭৭ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল। ওই মামলার চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজ তাদের অব্যাহতি দেন।

অব্যাহতি পাওয়া নেতাদের মধ্যে রয়েছেন—বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, হাফিজ উদ্দিন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন-নবী খান সোহেল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, খায়রুল কবির খোকন, সাইফুল আলম নীরব ও সুলতান সালাহ উদ্দিন টুকু।

মামলার নথিতে উল্লেখ ছিল, ২০১৯ সালের ১২ ডিসেম্বর হাইকোর্টে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি নির্ধারিত ছিল। তার আগের দিন রাতে বার কাউন্সিলের নির্মাণাধীন গেটের সামনে কয়েকজন দুষ্কৃতকারী মোটরসাইকেল ও অন্য যানবাহনে আগুন ধরিয়ে দেয়। এ অভিযোগে শাহবাগ থানার এসআই শামছুর রহমান মামলা করেন।

চলতি বছরের ১০ মে পুলিশ তদন্ত শেষে আদালতে যে প্রতিবেদন জমা দেয়, তাতে আসামিদের অব্যাহতির সুপারিশ করা হয়। আদালত সেই প্রতিবেদন গ্রহণ করে সোমবার রায় ঘোষণা করেন।

অন্যদিকে ২০১৩ সালের ২ মার্চ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে শান্তিনগরে বিএনপির মিছিলে সংঘর্ষের ঘটনায় দায়ের করা রমনা থানার মামলায় মির্জা ফখরুল, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুসহ ২৯ নেতাকর্মী অব্যাহতি পান। এ আদেশ দেন ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম ওয়াহিদুজ্জামান।

এই মামলায় অব্যাহতি পাওয়া অন্যদের মধ্যে রয়েছেন—বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, মীর সরাফত আলী সপু, ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব, যুবদলের সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার ও যুবদল নেতা হামিদুর রহমান হামিদ।

মামলার অভিযোগপত্রে বলা হয়েছিল, শান্তিনগরে ওই মিছিল চলাকালে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এরপর রমনা থানার এসআই মো. আশফাক রাজীব হাসান বাদী হয়ে মামলা দায়ের করেন। পরে আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়।

আসামিপক্ষ অভিযোগপত্রের বিরুদ্ধে আপত্তি জানিয়ে অব্যাহতির আবেদন করলে আদালত তা মঞ্জুর করে সোমবার আদেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত