মাতৃস্নেহের বদলে নির্মমতা

রংপুরে ৬ মাসের মেয়েকে গলা কেটে হত্যা

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৪১ পিএম

রংপুরের তারাগঞ্জে এক মর্মান্তিক ঘটনায় মা তাঁর ছয় মাস বয়সী কন্যাসন্তানকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) আনুমানিক সকাল ৬টার দিকে কুর্শা ইউনিয়নের পশ্চিম পলাশবাড়ী গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। পুলিশ হত্যাকাণ্ডে অভিযুক্ত শিশুটির মা তুলসী রানীকে (২৩) গ্রেপ্তার করেছে।

স্থানীয়রা জানান, তুলসী রানী দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছেন। আজই তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল। নিহত শিশুটির বাবা বাবু লাল (৩৫) স্থানীয় একটি হোটেলে কাজ করেন। তাঁদের আট বছরের বিবাহিত জীবনে আরও পাঁচ বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তুলসীর পৈতৃক নিবাস সৈয়দপুরের আদানীর মোড় এলাকার দলুয়া বাড়ি গ্রামে।

নিহত শিশুটির দাদী পাতানি বালা গভীর শোকে আচ্ছন্ন হয়ে বলেন, তুলসী কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। আমরা তাকে চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি, এছাড়াও আজকে তাকে রংপুরে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। আজ সকাল ৬ টায় আমি নাতনীকে দুধ খাওয়াতে বলি। সে দুধ খাওয়াতে ঘরে ঢুকে আমার এই ফুটফুটে নিষ্পাপ ৬ মাস বয়সী নাতনীকে রান্না কাজে ব্যবহৃত কাটার (ছুরি) দিয়ে গলা কেটে হত্যা করে উঠানে ফেলে দেয় আমাদের সবার সামনে। সে যে এমন কাণ্ডজ্ঞানী ভয়াবহ ঘটনা ঘটাবে তা আমরা কেউ কল্পনাও করিনি।

ভয়াবহ এই হত্যাকাণ্ডের পর তুলসী রানী নিজেই যা বলেছেন তা আরও ভয়ংকর। তিনি বলেন, আজকে কিছু হয় নাই। বাচ্চাটা তো আমি নিজে মারলাম। বাচ্চাটা হওয়ার পর থেকে আমি ভালো করে রান্না করে খাইতে পারি না। আরো একটা মেয়ে আছে তার সেবা যত্ন করতে পারি না, এটাই সমস্যা। এ জন্য গলা কেটে মেরে ফেলেছি।

এই বিষয়ে তারাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমএ ফারুক বলেন, ৯৯৯ খবর পেয়ে জানতে পারি উপজেলা কুর্শা ইউনিয়নের পশ্চিম পলাশবাড়ী গ্রামে মা তার শিশুকে গলা কেটে হত্যা করেছে। শিশুটির বয়স ছয় মাস। তাৎক্ষণিক আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাই, হত্যাকারীকে (শিশুটির মা) আটক করি। হত্যাকাজে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করলে শিশুটির মা নিজে হত্যা করেছে বলে স্বীকার করেছেন। এর বাইরেও তদন্ত চলছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত