মাগুরার মহম্মদপুরের জাঙ্গালীয়া গ্রামে চুরির অভিযোগে ইসরাফিল (৪০) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে মহম্মদপুর উপজেলা সদরের জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইসরাফিল ওই গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে জাঙ্গালিয়া গ্রামের তিনটি মোবাইল ফোন ও নগদ এক হাজার ছয়শ’ টাকা চুরির অভিযোগ ওঠে।
এ ঘটনায় এলাকাবাসী সকাল সাড়ে ছয়টার দিকে ইসরাফিলকে তার নিজ বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে গণপিটুনি দেয়।
গুরুতর আহত অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের অভিযোগ, কয়েক দিন আগে পূর্বনারায়নপুর গ্রামের ইমরুলের মোবাইল ফোন চুরি হওয়ার পর থেকেই ইসরাফিলকে সন্দেহ করে খুঁজছিল স্থানীয়রা। অবশেষে মঙ্গলবার সকালে তাকে বাড়ি থেকে ধরে পিটিয়ে হত্যা করা হয়।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহমান বলেন, “এলাকাবাসী আমাদেরকে জানিয়েছে, একরামুল নামে এক ব্যক্তির বাড়ি থেকে তিনটি মোবাইল ও নগদ টাকা চুরি হয়েছিল। এই চুরির ঘটনায় ইসরাফিলকে অভিযুক্ত করে স্থানীয়রা তাকে ধরে এনে গণপিটুনি দেয়।
পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় ইসরাফিলকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে ঘটনার বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।”
তিনি আরও বলেন, “এ পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। এই মুহূর্তে তার নামে মহম্মদপুর থানায় কোনো মামলা নেই। তবে পূর্বে তার নামে মামলা ছিল। সবকিছুই তদন্তাধীন।”
লালমনিরহাটে সাংবাদিকদের নামে মামলা প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি
স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদ ছাড়তে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম রাশেদ খানের
কেইপিজেড পাহাড়ের গাছ কেটে নিয়ে যাওয়ার সময় আটক ৪