নভেম্বরে হচ্ছে না বিওএ নির্বাচন

 

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫১ পিএম

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের পরে হবে এই সংস্থার নির্বাচন। বুধবার সেনাসদরের মাল্টিপারপাস কমপ্লেক্সে বিওএ সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগের সভায় চলতি বছর নভেম্বরে নির্বাচন হওয়ার কথা ছিল।

বিষয়টি নিশ্চিত করে বিওএর উপ-মহাসচিব আশিকুর রহমান মিকু বলেন, ‘নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়েছে যে, আগামী জাতীয় সংসদের নির্বাচন ও অ্যাডহক কমিটি থাকায় ক্রীড়া ফেডারেশনগুলোতে নির্বাচিত কমিটি আসার পরই বিওএর নির্বাচন অনুষ্ঠিত হবে। কারণ অ্যাডহক কমিটির সদস্যদের দ্বারা নির্বাচিত বিওএর কমিটির নির্বাচন হতে পারে না। এটা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নির্দেশনা।’

অক্টোবরে বাহরাইনে এশিয়ান ইয়ুথ গেমস. নভেম্বরে সৌদি আরবে ইসলামিক সলিডারিটি গেমস এবং জানুয়ারিতে পাকিস্তানে সাউথ এশিয়ান গেমসের জন্য বিভিন্ন ফেডারেশনের ক্যাম্প চলছে। তবে ক্যাম্পের অর্থ এখনো ছাড় দেয়নি জাতীয় ক্রীড়া পরিষদ। ক্যাম্পের আপৎকালীন সমস্যা নিরসনে সেই খরচা বিওএ দিয়ে দেবে। যা সরকারের কাছ থেকে পরে সমন্বয় করা হবে বলেও সিদ্ধান্ত হয়।

এছাড়া অক্টোবরে একটি বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে। যে সভায় নতুন গঠনতন্ত্র পাস করে তা আইওসিতে পাঠিয়ে দেওয়া হবে। আর ময়মনসিংহের ত্রিশালে বিওএর মাল্টি স্পোর্টস অলিম্পিক ভিলেজে যাওয়ার জন্য একটি রাস্তা খুব দ্রুতই তৈরি করার সিদ্ধান্তও হয় বিওএর নির্বাহী কমিটির সভায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত