নরসিংদীতে আ.লীগ-বিএনপির মধ্যে সংঘর্ষ, নিহত ১

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৫ এএম

নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া (৬২) নামে একজন নিহত হয়েছেন। এ সময় ৫ জন গুলিবিদ্ধসহ আহত হন ২৫ জন। তাদের মধ্যে তিনজনকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে আলোকবালি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদ আলীর সঙ্গে ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক নোয়াব আলীর সঙ্গে দ্বন্দ্ব চলছিল। ৫ আগস্টের পর আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। এক বছর পর বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) ভোর রাতে আওয়ামী লীগের লোকজন গ্রামে ঢোকার চেষ্টা করে। এতে বিএনপির লোকজন বাধা দিতে গেলে তাদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। এ সময় আ.লীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করে। এতে ইদন মিয়া নামে একজন নিহত হন। আহতদের সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।  

নরসিংদী মডেল থানার এস আই নাসিম মিয়া বলেন, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত