স্বরাষ্ট্র উপদেষ্টা 

ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে প্রয়োগ করা হবে

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৬ পিএম

ছাত্র সংসদ নির্বাচনের অভিজ্ঞতা জাতীয় নির্বাচনে প্রয়োগ করা হবে বলে উল্লেখ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, আমাদের একটা জাতীয় নির্বাচন আছে ফেব্রুয়ারিতে, এই নির্বাচনগুলো দেখে আমাদের কিছু অভিজ্ঞতা হচ্ছে। সেটা আমরা জাতীয় নির্বাচনে কিভাবে প্রয়োগ করতে পারব সেটা জানার জন্য আজকে বসেছিলাম।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে রাকসু ও চাকসু নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতিবিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নিয়ে কোনো উদ্বেগ নেই জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ডাকসু ও জাকসু নির্বাচন হয়েছে। শিগগিরই রাকসু ও চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। আজ তাদের সঙ্গে আলাপ করেছি। তারা দেশের সবচেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত। যারা ভোট দেবে তারাও উচ্চ শিক্ষায় শিক্ষিত।

তিনি বলেন, তারা আজ ভালো ভালো পরামর্শ দিয়েছে। সেই পরামর্শ আমরা ভবিষ্যতে কাজে লাগাব। একইসঙ্গে নিজেদের মধ্যে আলোচনায় তাদেরও উপকার হয়েছে। যেহেতু দুইটা নির্বাচন হয়েছে। সেখানে নির্বাচনে কী করতে হবে, ছোটখাটো ভুল থাকলে সেগুলো কীভাবে সমাধান করা হবে, এসব নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত