আর্জেন্টিনাকে তিনে নামিয়ে ১১ বছর পর ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০ পিএম

২০১৪ সালের জুনের পর আবারও ফিফা ফুটবল র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে স্পেন। এক ধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। আর তিনে নেমে গেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। এক ধাপ অবনতি হয়েছে ব্রাজিলেরও। উন্নতি হয়েছে ক্রিশ্চিয়ানো রোনারদোর পর্তুগালের।

চলতি সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর আজ বৃহস্পতিবার র‌্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। বাংলাদেশ আগের মতোই আছে ১৮৪ নম্বরে।

২০২৬ সালের বিশ্বকাপের বাছাইপর্ব শুরুর অভিযানে স্পেন এই মাসে হারিয়েছে বুলগেরিয়াকে ৩-০ ও তুরস্ককে ৬-০ গোলে। এদিকে কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে হেরেছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার মোট পয়েন্ট এখন ১৮৭০.৩২। তাদের চেয়ে দশমিক .৬০ পয়েন্টে এগিয়ে দুইয়ে আছে ফ্রান্স (১৮৭০.৯২)। আর ১৮৭৫.৩৭ পয়েন্টে শীর্ষে স্প্যানিশরা।

আগের মতোই চারে ইংল্যান্ড। পর্তুগাল ৫, বলিভিয়ার কাছে হেরে ব্রাজিল র‌্যাঙ্কিংয়ে নেমে গেছে ছয়ে। এক ধাপ করে এগিয়েছে ক্রোয়েশিয়া ও ইতালি। এর মধ্য দিয়ে সাবেক চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশে ফিরলো। ক্রোয়েশিয়ার অবস্থান নবম। ৭ ও ৮ নম্বরে আগের মতোই আছে নেদারল্যান্ডস ও বেলজিয়াম।

এবারের ফিফা র‌্যাঙ্কিংয়ে সর্বোচ্চ ১০ ধাপ উন্নতি হয়েছে স্লোভাকিয়ার, একইসঙ্গে সর্বোচ্চ ২৫.৩১ পয়েন্টও পেয়েছে তারা। সর্বাধিক ৯ ধাপ অবনতি ঘটেছে জিম্বাবুয়ে ফুটবল দলের। আর সর্বোচ্চ পয়েন্ট (২৬.১৮) কাটা গেছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত