চ্যাটজিপিতে বয়স যাচাই বাধ্যতামূলক!

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১১ পিএম

কিশোরদের সুরক্ষা নিশ্চিত করতে বড় ধরনের পরিবর্তন আনছে ওপেনএআই। যুক্তরাষ্ট্রে এক ১৬ বছর বয়সী কিশোরের আত্মহত্যার ঘটনার পর প্রতিষ্ঠানটি এই উদ্যোগ নিয়েছে। 

ভবিষ্যতে চ্যাটজিপিতে প্রবেশের আগে ব্যবহারকারীদের বয়স যাচাই করতে হবে। প্রয়োজনে উপযুক্ত পরিচয়পত্র জমা দিতে হতে পারে। ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের ক্ষেত্রে চ্যাটজিপিটির উত্তর দেওয়ার ধরনও পরিবর্তিত হবে।

মার্কিন প্রযুক্তি কোম্পানির প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান এক ব্লগ পোস্টে বলেন, “কিশোরদের ক্ষেত্রে আমাদের নিরাপত্তা গোপনীয়তা এবং স্বাধীনতার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।” তিনি আরও জানান, “১৫ বছর বয়সী ব্যবহারকারীর সঙ্গে চ্যাটজিপিটির প্রতিক্রিয়া প্রাপ্তবয়স্কদের থেকে আলাদা হবে।”

অল্টম্যান বলেন, চ্যাটজিপিতে এমন প্রযুক্তি যুক্ত করা হবে যা ব্যবহারকারীর কথাবার্তার ধরন দেখে বয়স অনুমান করবে। যেখানে সন্দেহ থাকবে, সেখানে ‘১৮ বছরের নিচের অভিজ্ঞতা’ প্রযোজ্য হবে। কিছু ক্ষেত্রে ব্যবহারকারীর পরিচয়পত্র চাওয়াও হতে পারে।

নতুন পরিবর্তনের ফলে চ্যাটজিপিটি কিশোরদের সঙ্গে যৌনবিষয়ক বা প্রেমবিষয়ক আলোচনায় যুক্ত হবে না। এমনকি আত্মহত্যা বা নিজেকে আঘাত করার মতো বিষয়েও কিশোরদের জন্য আলোচনা সীমিত থাকবে।

অল্টম্যান জানান, “যদি কোনো ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারী আত্মহত্যার ইচ্ছা প্রকাশ করে, আমরা তার অভিভাবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করব। তা সম্ভব না হলে এবং তাৎক্ষণিক বিপদের আশঙ্কা থাকলে, কর্তৃপক্ষকে জানানো হবে।”

উল্লেখ্য, ২০২৪ সালের এপ্রিল মাসে ক্যালিফোর্নিয়ার এক ১৬ বছর বয়সী কিশোর আত্মহত্যা করে। তার পরিবার অভিযোগ করেছে, আত্মহত্যার আগে সে কয়েক মাস ধরে চ্যাটজিপিটির সঙ্গে নিয়মিত কথা বলত। আদালতের নথি অনুযায়ী, জিপিটি-৪ মডেল ব্যবহার করেই সে শেষ চিঠি লেখার ক্ষেত্রে সাহায্য নিয়েছিল।

মামলার পর ওপেনএআই স্বীকার করেছে, দীর্ঘ কথোপকথনে তাদের নিরাপত্তাব্যবস্থা সবসময় কার্যকর ছিল না। সংস্থাটি জানিয়েছে, সংবেদনশীল বিষয়গুলোতে কনটেন্ট নিয়ন্ত্রণ আরও শক্ত করা হবে। প্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের জন্য আলাদা অভিজ্ঞতা থাকবে, যেখানে যৌনতা বা প্রেমবিষয়ক কথোপকথনের অনুমোদন থাকবে, কিন্তু কিশোরদের জন্য থাকবে বিধিনিষেধ। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

×
সর্বশেষ সর্বাধিক পঠিত