এশিয়া কাপ চলাকালে নতুন করে বিতর্কে জড়িয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। টুর্নামেন্টে একাধিক নিয়ম ভাঙা ও অসদাচরণের অভিযোগে আইসিসি পিসিবির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে বলে জানানো হয়েছে।
বুধবার সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের সঙ্গে পাকিস্তান দলের অধিনায়ক সালমান আলি আগা ও প্রধান কোচ মাইক হেসনের বৈঠক অনুষ্ঠিত হয়। অভিযোগ উঠেছে, পিসিবির মিডিয়া ম্যানেজার নাঈম গিলানি বৈঠকটি মোবাইল ফোনে রেকর্ড করেছেন। অথচ আইসিসি’র ‘Players and Match Officials Area (PMOA)’ প্রোটোকল অনুযায়ী এ ধরনের বৈঠকে রেকর্ডিং সম্পূর্ণ নিষিদ্ধ।
আইসিসির প্রধান নির্বাহী সঞ্জোগ গুপ্তা ই-মেইলে পিসিবিকে সতর্ক করে বলেছেন, ম্যাচডেতে বারবার পিএমওএ নিয়ম ভাঙার অভিযোগ প্রমাণিত হয়েছে।
এর আগে ভারত-পাকিস্তান ম্যাচে টসের সময় করমর্দন না হওয়া নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়েছিল। পাকিস্তান পক্ষ থেকে দাবি করা হয়, পাইক্রফট অধিনায়ক সালমানকে সূর্যকুমার যাদবের সঙ্গে হাত মেলাতে নিষেধ করেছিলেন। পরে ভারতীয় অধিনায়ক জানান, কাশ্মীরের পাহলগাম হামলার নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতেই তিনি হাত মেলাননি।
পরিস্থিতি শান্ত করতে আইসিসি সম্মত হয় যে, পাকিস্তানের পরবর্তী ম্যাচের আগে পাইক্রফট দলের সঙ্গে আলোচনা করবেন। কিন্তু পিসিবি শর্ত দেয় যে তাদের মিডিয়া ম্যানেজার বৈঠকে থাকতে হবে। আইসিসি দুর্নীতি দমন কর্মকর্তা নাঈমকে বৈঠকে ঢুকতে না দিলেও পরে চাপের মুখে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হয়। তবে রেকর্ডিং করা নিয়মভঙ্গ হিসেবে ধরা হচ্ছে।
অভিযোগ রয়েছে, বৈঠকের সেই ফুটেজ ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে নানা জল্পনা চলছে। আরও বিতর্ক তৈরি হয় যখন পিসিবি দাবি করে পাইক্রফট ক্ষমা চেয়েছেন, অথচ তিনি কেবল ‘ভুল বোঝাবুঝির জন্য দুঃখ প্রকাশ’ করেছিলেন।
আইসিসি মনে করছে, পিএমওএ এলাকার গোপনীয়তা নষ্ট করে পিসিবি টুর্নামেন্টের মর্যাদা ক্ষুণ্ন করেছে। ফলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
