‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫’ হলেন মিথিলা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০০ পিএম

মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা এ বছরের “মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৫” খেতাব অর্জন করেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের আলোকি গ্রিন হাউসে আয়োজিত বর্ণিল অনুষ্ঠানে তাঁর মাথায় পরানো হয় বিজয়ের মুকুট।

পরিকল্পনা অনুযায়ী, আসন্ন নভেম্বর মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য ৭৪তম মিস ইউনিভার্স আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন মিথিলা।

অনুষ্ঠানে ফ্লোরাটেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং মিস ইউনিভার্স বাংলাদেশের জাতীয় পরিচালক মুস্তাফা রফিকুল ইসলাম ডিউক বলেন, মিস ইউনিভার্স শুধু সৌন্দর্যের প্রতিযোগিতা নয়; এখানে বুদ্ধিমত্তা, আত্মবিশ্বাস ও লক্ষ্যবোধের সমন্বয় ঘটে। তিনি জানান, বাংলাদেশকে এই মর্যাদাপূর্ণ আসরে তুলে ধরতে পেরে তারা গর্বিত।

২০২০ সালেও জাতীয় পর্যায়ে একই শিরোপা জয় করেছিলেন মিথিলা, কিন্তু মহামারি–সংক্রান্ত বিধিনিষেধের কারণে সে সময় আন্তর্জাতিক পর্বে অংশ নেওয়ার সুযোগ পাননি। এবারে দ্বিতীয়বারের মতো তিনি এ খেতাব নিজের করে নিলেন।

নিজের অনুভূতি জানাতে গিয়ে মিথিলা বলেন, “আজ আমি যা কিছু অর্জন করেছি, তার সবকিছুর কৃতিত্ব আমার মায়ের। তিনি আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা ও শক্তির উৎস। এই জয় আমাদের দুজনের।”

আন্তর্জাতিক মঞ্চে লড়াইয়ের প্রস্তুতি নিয়ে তিনি আরও বলেন, “আমি গর্বের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে চাই। সাহস, মর্যাদা ও সম্মানের সঙ্গে দেশের নাম উজ্জ্বল করার চেষ্টা করব। সবার দোয়া চাই।”

উল্লেখযোগ্য যে, ২০১৯ সালে শিরিন শিলা এবং ২০২৪ সালে আনিকা আলম এই খেতাবের বিজয়ী হয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত