ইগ নোবেল পুরস্কার পেলেন জাপানি গবেষকরা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩১ পিএম

জেব্রার মতো ডোরাকাটা রঙ করা গরু মাছির কামড় থেকে রক্ষা পেতে পারে কি না, তা নিয়ে গবেষণা করেছেন জাপানের একদল গবেষক। এই গবেষণার জন্য তাদের ইগ নোবেল পুরস্কার দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার  (১৮ সেপ্টেম্বর)  জীববিজ্ঞানের এ শাখায় এই পুরস্কার ঘোষণা করা হয়। এবারের ইগ নোবেল পুরস্কারের ৩৫তম আসর বসে বোস্টন ইউনির্ভাসিটিতে।

ইগ নোবেল পুরস্কার হলো নোবেল পুরস্কারের একটি হাস্যরসাত্মক অনুকরণ (প্যারোডি পুরস্কার)। ১৯৯১ সালে মার্কিন বিজ্ঞান বিষয়ক একটি ডিজিটাল ম্যাগাজিন এমন গবেষণাকে স্বীকৃতি দেওয়ার জন্য এই পুরস্কারের প্রবর্তন করে, যা প্রথমে মানুষকে হাসায় এবং পরে ভাবায়।

জাপানি গবেষকদল পূর্ববর্তী একটি গবেষণা থেকে অনুপ্রাণিত হয়েছিলেন। সেখানে দেখা গিয়েছিল, জেব্রার ডোরাকাটা দেহ মাছির কামড় থেকে তাকে রক্ষা করে। তারা ধারণা করেন, গরুকে জেব্রার মতো সাদা-কালো ডোরাকাটা রঙ করলে একইভাবে রক্ষা পাওয়া সম্ভব। এই পরীক্ষা করতে তারা জাপানি কালো গরু বেছে নেন।

গবেষণায় দেখা যায়, ডোরাকাটা রঙ করা গরুর শরীর ও পায়ে মাছির কামড়ের সংখ্যা সাধারণ গরুর তুলনায় অর্ধেকেরও কম।

গবেষকদলের দাবি, এই গবেষণার ফল গবাদিপশুর চাপ কমাতে এবং মাছির কামড় থেকে তাদের বাঁচাতে বিকল্প পদ্ধতি তৈরি করতে সাহায্য করবে।

জাতীয় কৃষি ও খাদ্য গবেষণা সংস্থার গবেষক কোজিমা তোমোকি এই দলের প্রধান। তিনি জানান, এক গরুর খামারি যখন তার পশুকে পোকামাকড়ের কামড় থেকে রক্ষা করার উপায় জানতে চান, তখন থেকেই এই গবেষণা শুরু।

কোজিমার মতে, তাদের এই পদ্ধতি গরুকে মাছির কামড় থেকে রক্ষা করার পাশাপাশি কীটনাশকের ব্যবহারও কমাতে সক্ষম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত