রাত পেরোলেই ঘটবে বছরের শেষ সূর্যগ্রহণ। এটি হবে আংশিক সূর্যগ্রহণ, যা বাংলাদেশ থেকে দেখা যাবে না। তবে কয়েকটি নির্দিষ্ট অঞ্চল থেকে মানুষ এ দৃশ্য উপভোগ করতে পারবেন।
চাঁদ যখন তার কক্ষপথে ঘুরতে ঘুরতে অল্প সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে আসে, তখন পৃথিবীর কিছু অংশে সূর্য আংশিক বা পুরোটা ঢেকে যায়। এ ঘটনাকেই সূর্যগ্রহণ বলা হয়। সাধারণত অমাবস্যার পর নতুন চাঁদ ওঠার সময় এ গ্রহণ দেখা দেয়।
আইএসপিআরের বিজ্ঞপ্তি অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে একুশ সেপ্টেম্বর রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে। সর্বাধিক গ্রহণ ঘটবে বাইশ সেপ্টেম্বর রাত ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে এবং শেষ হবে বাইশ সেপ্টেম্বর রাত ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে। পুরো ঘটনাটি চলবে প্রায় চার ঘণ্টা চব্বিশ মিনিট। তবে বাংলাদেশ থেকে এটি দৃশ্যমান হবে না।
নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া ও পশ্চিম অ্যান্টার্কটিকার কিছু এলাকায় এই সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা যাবে।
আইএসপিআরের দেওয়া তথ্য অনুযায়ী, একুশ সেপ্টেম্বর স্থানীয় সময় ভোর ৫টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপ থেকে গ্রহণের শুরু। অ্যান্টার্কটিকার ডুমন্ট ডি’উরভিল আবহাওয়া কেন্দ্রের দক্ষিণ-পশ্চিম দিকে সকাল ১০টা ১৩ মিনিট ৩৯ সেকেন্ডে থাকবে সর্বাধিক গ্রহণ।
শেষ হবে অ্যান্টার্কটিকার আলেকজান্ডার দ্বীপের উত্তর-পশ্চিম দিকে বিকেল ৫টা ৪৮ মিনিট ৩৮ সেকেন্ডে। এ সময় সূর্যগ্রহণের সর্বোচ্চ মাত্রা থাকবে শূন্য দশমিক আট পাঁচ পাঁচ।
ছাত্র প্রতিনিধিদের সরকারে আসাটা ঠিক হয়নি