সরকারি চাল জব্দ

বগুড়ায় বিএনপি নেতার স্ত্রীর গোডাউন সিলগালা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০২:২২ পিএম

বগুড়ার আদমদীঘিতে বিএনপি নেতার স্ত্রীর গোডাউন থেকে ১০১ বস্তা সরকারি চাল জব্দ পর সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে আদমদীঘি উপজেলার ব্রিজ মোড়ে তালুকদার শপিং কমপ্লেক্সের একটি গোডাউন থেকে চালগুলো জব্দ করা হয় বলে জানান তিনি।

স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত জানায়,  ছুটির দিন তালুকদার শপিং কমপ্লেক্সের গোডাউনে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ বস্তা চাল ভ্যানযোগে পাচার করেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক দুলাল হোসেনের স্ত্রী সাহিদা বেগম। এ সময় স্থানীয় জনতা হাতে নাতে ধরে ফেলে। এক পর্যায়ে ওই গোডাউনে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সরকারি বস্তা বদল করে প্লাস্টিকের ৩৫ বস্তায় রাখা এক হাজার ৭৫০ কেজি এবং সরকারি চটের বস্তায় রাখা দুই হাজার ৫৫০ কেজি চাল জব্দ করে। একই সঙ্গে ৩৩ বস্তায় থাকা ১ হাজার ৬৫০ কেজি চাল জব্দ করে আদমদীঘি সদর ইউনিয়ন পরিষদে পাঠিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে বগুড়া জেলা খাদ্য নিয়ন্ত্রক সাইফুল কাবির খান জানান, বস্তা বদল করে সরকারি চাল পাচারের ঘটনায় তদন্ত সাপেক্ষে ডিলারশিপ বাতিলসহ অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত