বাগাতিপাড়ায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০২ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় সাপের কামড়ে মনিরুল ইসলাম নামের একজন যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কাঁকফো এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত মনিরুল (২৬) ওই গ্রামের মরহুম পলান আলীর ছেলে, পেশায় রংমিস্ত্রি।

বাগাতিপাড়া সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সিদ্দিকুর রহমান জানায়, গতকাল মধ্যরাতে বিছানায় ঘুমন্ত অবস্থায় তাকে কামড় দেয়। সেই সময় বাড়ির সকলকে ডেকে তুলে অনেক খুঁজাখুঁজি করে ঘরে কিছু দেখতে পায় না। ধারণা করে হয়তো ইঁদুরে কামড় দিয়েছে। পরে আবার সবাই ঘুমিয়ে যায়। সকালে তার অবস্থা খারাপ হলে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানায় তাকে বিষধর সাপ কামড় দিয়েছে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবনতি হলে তাকে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত