বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. বিজয় নামে এক স্কুলছাত্রের নিহত হয়েছেন। শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. বিজয় (১৫) বগুড়া সদর উপজেলার কামারগাড়ী এলাকার রেজাউলের ছেলে ও করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র।
প্রত্যক্ষদর্শী বরাতে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বিজয় দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় এসে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয় বলে জানিয়েছেন ওসি।
