রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ধস্তাধস্তির ঘটনার ঘটনায় জরুরি সিন্ডিকেট সভা ডেকে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ রবিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত ওই সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ বলেন, সিন্ডিকেট সভায় তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- গতকালের ধস্তাধস্তির ঘটনায় নিন্দা প্রস্তাব, একটি অভ্যন্তরীণ তদন্ত কমিটি ও একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, এবং রাকসু নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান।
তিনি বলেন, গতকাল আমরা নানাভাবে খবর পেয়েছি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও ছাত্রদের সঙ্গে আশেপাশের এলাকার মানুষের গোলযোগ বাধিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এ বিষয়গুলো মোকাবেলায় আমরা শক্তিশালী কমিটি গঠন করেছি। যাতে বিশ্ববিদ্যালয়, আশেপাশের মানুষ ও শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্যমূলক সম্পর্ক বজায় থাকে।
রেজিস্ট্রার আরও জানান, রাকসু নির্বাচন নিয়ে আমরা আশাবাদী। আমরা আশা করছি রাকসু নির্বাচন সঠিক সময়েই হবে। রাকসুর সাথে সংশ্লিষ্টরা আজ কর্মসূচি পালন করেছেন। তবে তারা রাকসুর কার্যক্রমকে আওতামুক্ত রেখেই কাজ করেছেন।
এ ছাড়া তিনি জানান, সিন্ডিকেটে পোষ্য কোটার বিষয়ে গতকাল রাতে স্থগিত ঘোষণার বিষয়টি আনুষ্ঠানিকভাবে রিপোর্ট করা হয়েছে। এতে সবাই সমর্থন দিয়েছেন। নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের স্টাফদের সন্তানদের ভর্তির তারিখ আজ থেকে নির্ধারিত থাকলেও সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী সেটিও স্থগিত করা হয়েছে।
সারের কৃত্রিম সংকট, চাহিদার সমান বরাদ্দ থাকলেও সরকারি মূল্য কাগজে কলমে
ঈশ্বরদীতে রুশ নাগরিকের লাশ উদ্ধার