এত সাফল্যের পরও পরাজয়ের আতঙ্কে মনোবিদের দ্বারস্থ স্কালোনি!

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০১:১১ পিএম

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের বিশ্বকাপজয়ী ও দুইবারের কোপা আমেরিকা জয়ী কোচ লিওনেল স্কালোনি এবার নিজের ভেতরের ভয় এবং দুর্বলতার কথা খোলাখুলি স্বীকার করেছেন। সাংবাদিক ডিয়েগো বোরিনস্কি রচিত স্কালোনির জীবনী থেকে জানা যায়, সাফল্যের পাহাড়ে দাঁড়িয়ে থেকেও তিনি আতঙ্ক আর মানসিক চাপের সঙ্গে লড়াই করেছেন এবং করছেন।

স্কালোনির ভাষায়, ‘হ্যাঁ, আমার হয়েছে (প্যানিক অ্যাটাক)। জানি না একে প্যানিক অ্যাটাক বলব কি না, কারণ আমার সাইকোলজিস্টও নিশ্চিত করে বলতে পারেননি। কোপা আমেরিকার আগে তাকে প্রথমেই জিজ্ঞেস করেছিলাম— “এই আতঙ্ক কি আমার খুব কম পরাজয়ের অভিজ্ঞতার কারণে হচ্ছে, নাকি সামনে আর জিততে না পারার ভয় থেকে?” তখন তিনি বলেছিলেন, “তুমি এতকিছু জিতেছ যে, এখন তোমার কাছে এটাকে ধরে রাখা বা নিজেকে ছাড়িয়ে যাওয়া ভয়ানক কঠিন মনে হচ্ছে।’

অখ্যাত এক কোচ থেকে স্কালোনি এখন বিশ্বের সেরা কোচদের একজন। ২০২১ সাল থেকে এখন পর্যন্ত আর্জেন্টিনাকে চারটি বড় শিরোপা জিতিয়েছেন। ২০২২ কাতার বিশ্বকাপ, ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের ফিনালিসিমা। তবে এই সাফল্যই তাকে ভেতরে ভেতরে চাপের মুখে ফেলে দিচ্ছে, ‘এক সময় মনে হচ্ছিল, যদি এবার হেরে যাই? যদি দি মারিয়া না থাকে, লিও (মেসি) না থাকে, ওতামেন্ডি না থাকে!’

মেসি ও ওতামেন্ডি দুজনই ইতোমধ্যে জাতীয় দলের হয়ে নিজেদের শেষ হোম ম্যাচ খেলে ফেলেছেন। ওতামেন্ডি জানিয়েছেন, বিশ্বকাপের পর তিনি অবসর নেবেন। অন্যদিকে ৩৮ বছর বয়সী মেসি এখনও সিদ্ধান্ত জানালেও তার বিদায়ের সময় ঘনিয়ে আসছে। স্কালোনি বলেন, ‘জেতার অভ্যাস ভালো। তবে আমি সব সময় হারের ব্যাপারে ভীষণ নেতিবাচক ছিলাম। ডিপোর্তিভো লা করুনিয়ায় খেলার সময় মনে আছে, মেরিদার সঙ্গে হারার পর দুই রাত ঘুমাতে পারিনি। ভেবেছিলাম সময়ের সঙ্গে মানিয়ে নেব... কিন্তু পারিনি।’

স্কালোনি আরও বলেন, ‘আজও পরাজয় আমাকে খুব আঘাত করে। যদিও আমি আবার সবার আগে উঠে দাঁড়াই। সাইকোলজিস্টের সঙ্গে এখন বোঝার চেষ্টা করছি, আমার আসল সমস্যা কি কেবল হারার ভয়? কারণ কাল হেরে গেলে কী হবে? আসলে কিছুই হবে না। উঠে দাঁড়াতে হবে, এটাই সত্যি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত