৮০ জনকে মানবপাচারকারী চক্রের আস্তানা থেকে উদ্ধার

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০২:২১ পিএম

কক্সবাজারের টেকনাফের একটি দুর্গম পাহাড়ে মানব পাচার ও অপহরণ চক্রের আস্তানায় যৌথ অভিযান চালিয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। অভিযানে বিভিন্ন সময়ে অপহৃত ও সাগরপথে মালয়েশিয়ায় পাচারের জন্য রাখা অন্তত ৮০ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) বিকেল থেকে রাত ১২টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় অপহরণ ও পাচারকারী চক্রের সদস্যরা যৌথবাহিনীকে লক্ষ্য করে পাহাড় থেকে গুলি ও পাথর নিক্ষেপ করে।

টেকনাফ ব্যাটালিয়ন (বিজিবি-২) এর অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, টেকনাফ সীমান্ত দিয়ে মানবপাচার, অপহরণ ও মুক্তিপণ বাণিজ্য বেড়েই চলেছে। এসব বন্ধে সব সময় সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফে বিজিবি ও র‌্যাবের যৌথ অভিযান পরিচালিত হয়। এ সময় রাজারছড়া এলাকার একটি গহীন পাহাড়ি আস্তানা ঘিরে ফেলে যৌথবাহিনী।

এ সময় অপহরণ ও মানবপাচারকারীরা যৌথবাহিনীকে লক্ষ্য করে গুলি ছোড়ে। উপর থেকে পাথরও নিক্ষেপ করে তারা। পরে সেখানে অভিযান চালিয়ে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৮০ জনকে উদ্ধার ও ৪ পাচারকারীকে আটক করা হয়।

অভিযানে ২টি দেশীয় একনলা বন্দুক, ১টি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড এমুনিশন উদ্ধার করা হয়। এ ব্যাপারে বিস্তারিত প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত