পঞ্চগড়ে টাইফয়েড টিকা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫২ পিএম

পঞ্চগড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষ্যে জেলা অ্যাডভোকেসি সভা বুধবার সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন ডা. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. সাবেত আলী বলেন, দুষিত খাবার ও পানির মাধ্যমে টাইফয়েড রোগের জীবাণু ছড়ায় এবং সঠিক সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসা না হলে এটি মারাত্মক আকার ধারণ করে। এজন্য টাইফয়েড প্রতিরোধে টিকা গ্রহণ অত্যন্ত জরুরি। এই টিকা সম্পর্কে সঠিক তথ্য শিক্ষার্থীসহ সকলের নিকট পৌঁছে দিতে উপস্থিত সকলের কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি টিকা সম্পর্কে অপতথ্য প্রচার ও গুজব প্রসঙ্গে বলেন, টিকা নিয়ে অনেক অপতথ্য প্রচার ও গুজব ছড়াচ্ছে। এসব অপতথ্য প্রচার ও গুজব প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। 

এর আগে হুর সার্ভিল্যান্স ইমুনাইজেশন মেডিকেল অফিসার ডা. সিফাত জাহান ও সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার মাহবুবুর রহমান সুমন পাওয়ার পয়েন্টের মাধ্যমে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন- ২০২৫ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন।

সভায় সিভিল সার্জন বলেন, আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী টাইফয়েড ভ্যাক্সিনেশন কর্মসূচি। মাসব্যাপী হলেও মূলত ২০ কর্মদিবস চলবে এই কর্মসূচি। এর মধ্যে ১০ কার্যদিবস শিক্ষা প্রতিষ্ঠানে এবং ৮ কার্যদিবস কমিউনিটিতে এ কার্যক্রম চলবে। কর্মসূচির আওতায় নয় মাস থেকে ১৫ বছর বয়সী তিন লাখ ৬২ হাজার ১৭৭ জন শিশুকে টাইফয়েড ভ্যাক্সিনেশন টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে জেলার এক হাজার ৮৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানে দুই লাখ ৪৭ হাজার ২৫০ জনকে এবং শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত এক লাখ ১৪ হাজার ৯২৭ জনকে এক হাজার ৬২টি কেন্দ্রে টাইফয়েড টিকা প্রদান করা হবে। তিনি এ কর্মসূচি সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সিভিল সার্জন অফিস আয়োজিত সভায় জেলা ইপিআই সুপারভাইজার হাসিবুর রহমান লাবুসহ জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, চিকিৎসক ও বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত