এশিয়া কাপে পর পর ৩০ ও ৬১ রানের ইনিংস খেলায় আইসিসির টি-টোয়েন্টি ব্যাটিং র্যাংকিংয়ে ১৩৩ ধাপ এগিয়েছেন বাংলাদেশের সাইফ হাসান। আজ প্রকাশিত র্যাংকিংয়ের ৮১ নম্বরে উঠে এসেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান। এই র্যাংকিংয়ের শীর্ষে ভারতের অভিষেক শর্মা। দুই নম্বরে ইংল্যান্ডের ফিল সল্ট। তিন নম্বরে আরেক ভারতীয় তিলক ভার্মা।
র্যাংকিংয়ে শীর্ষ দশে আছেন আরেক ভারতীয়, অধিনায়ক সূর্যকুমার যাদব। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেরা অবস্থানে অধিনায়ক লিটন দাস। দুই ধাপ এগিয়ে তিনি অবস্থান করছেন ৪০ নম্বরে। তার পরেই তাওহীদ হৃদয় এগিয়েছেন সাত ধাপ। এক ধাপ এগিয়ে জাকের আলি ৫৬ নম্বরে। ৭৪ নম্বরে পারভেজ হোসেন ইমন।
বোলারদের র্যাংকিংয়ে শীর্ষ দশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচে ৩ উইকেট শিকারে ৬ ধাপ উন্নতি হয়েছে তার। রয়েছেন ৯ নম্বরে। তিন ধাপ এগিয়ে ১৭ নম্বরে শেখ মেহেদী হাসান। দু ধাপ নেমে ২৬ এ গেছেন রিশাদ হোসেন। তাসকিন আহমেদ নেমেছেন ৩১ এ । তবে দুই ধাপ এগিয়ে ৪০ এ উঠে এসেছেন তানজিম হাসান সাকিব।
বোলিং র্যাংকিঙের শীর্ষ তিনে কোনো পরিবর্তন হয়নি। ভারতের বরুন চক্রবর্তী, নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি এবং ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন ধরে রেখেছেন তাদের জায়গা। তবে ১২ ধাপ এগিয়ে পাকিস্তানের আবরার আহমেদ উঠে এসেছেন চারে। শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ও নুয়ান থুসারা আর আফগানিস্তানের রশিদ খান রয়েছেন শীর্ষ দশে।
টি-টোয়েন্টিতে শীর্ষ অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার রেটিং ২৩৭ থেকে বেড়ে ২৩৮ হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা মোহাম্মদ নবীর রেটিং পয়েন্ট ২৩১।
১৪ বছর বয়সেই ছক্কার বিশ্বরেকর্ড গড়লেন বৈভব সূর্যবংশী
বাংলাদেশ কেন তানজিম সাকিবকে খেলাচ্ছে না –প্রশ্ন হার্শা ভোগলের