একিটিকে গোল করে জিতিয়েও 'স্টুপিড' বকুনি খেলেন লিভারপুল কোচের

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম

অ্যানফিল্ডে শেষ মুহূর্তের নাটক। ফরাসি ফরোয়ার্ড হুগো একিতিকে দারুণ এক গোল করে লিভারপুলকে জিতিয়েছেন, আবার একই সঙ্গে দলের জন্য সমস্যা তৈরি করেছেন নিজের উদযাপনেই।

মঙ্গলবার রাতে লিগ কাপের ম্যাচে দ্বিতীয় স্তরের সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল। ম্যাচের প্রথমার্ধে বৃটিশ রেকর্ড গড়ে নিউক্যাসল থেকে লিভারপুলে আসা আলেকজান্ডার ইসাক গোল করে দলকে গিয়ে দেন। বিরতির পর তার জায়গায় নামেন একিতিকে। তবে মাঠে নামার পর প্রথমেই অযথা হাতে বল মেরে হলুদ কার্ড দেখেন তিনি।

৭৯ মিনিটে সাউদাম্পটন সমতা ফেরায়। কিন্তু ৮৫ মিনিটে ফেদেরিকো চিয়েসার নিখুত পাস থেকে জয়সূচক গোলট করেন একিতিকে। গোলের পর উত্তেজনায় জার্সি খুলে ক্যামেরার সামনে দেখান তিনি। নিয়ম ভেঙে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে। এতে আগামী সপ্তায় ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে খেলতে পারবেন না এই নতুন স্ট্রাইকার। ম্যাচ শেষে লজ্জিত একিতিকে ইনস্টাগ্রামে লিখেছেন, “আজকের ম্যাচে দলের জন্য গোল করতে পেরে ভীষণ উচ্ছ্বসিত ছিলাম। আবেগ আমাকে ছাপিয়ে গিয়েছিল। রেড ফ্যামিলির কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি।”

তবে কোচ আর্না স্লট শিষ্যের আচরণে বিরক্তি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, “এমন উদযাপন একেবারেই অপ্রয়োজনীয় ও বোকামি। যদি তুমি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ৮৭ মিনিটে তিনজনকে কাটিয়ে গোল করো, তাহলে বোঝা যায়। কিন্তু এই গোলের পর এমন প্রতিক্রিয়া কোনোভাবেই মানানসই নয়।”

জুলাইয়ে ৬৯ মিলিয়ন ইউরোতে লিভারপুলে যোগ দেওয়া একিতিকে ইতিমধ্যে প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচে তিন গোল করেছেন। তবে ইসাকের সঙ্গে জায়গার লড়াইয়ে নিজেকে টিকিয়ে রাখতে চাইলে এই ধরনের নির্বুদ্ধিতার পুনরাবৃত্তি তাকে এড়িয়ে চলতেই হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত