যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপকারী ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারাকে হেনস্তাকারী যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরীকে গ্রেফতারের একদিন পর জামিনে ছাড়া পেয়েছেন। মঙ্গলবার তিনি ছাড়া পান বলে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের প্রচার সম্পাদক মোহাম্মদ হামিদ নিশ্চিত করেছেন। তার মুক্তির পর জ্যাকসন হাইটস ও ব্রংকসে আনন্দ মিছিল বের করে নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দেন আওয়ামী লীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও সহ সভাপতি আব্দুর রহিম বাদশা।
স্থানীয় সময় সোমবার রাত সাড়ে ৯টার দিকে যুবলীগের এই নেতাকে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। তার দেশের বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায়। ব্রংকসের ২০৫ স্ট্রিট বেডফোর্ড এলাকায় তার বসবাস।
এর আগে দুপুরে নিউইয়র্কে আসেন প্রধান উপদেষ্টা ড. ইউনূসের জাতিসংঘ ডেলিগেট সদস্য হিসেবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা হুমায়ুন কবির, জামায়াত নেতা ডা. আবু তাহের, এনসিপি নেতা আখতার হোসেন ও তাসনিম জারা।
বিকেল ৩টার দিকে জেএফকে বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে বেরিয়ে আসলে পথে আওয়ামী লীগের নেতা কর্মীরা তাদের ওপর চড়াও হন। অকথ্য ভাষায় গালিগালাজ করেন। আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারেন। জারাকে উদ্দেশ্য করে অশোভন মন্তব্য করেন। আখতার হোসেনের দিকে ডিম ছোঁড়ার আগে ভিডিও করেন হামলাকারী মিজান। এ সময় আওয়ামী কর্মীরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্যে অশোভন মন্তব্য করেন। এ ঘটনার পর পুরো নিউইয়র্ক শহরের বাংলাদেশি কমিউনিটিতে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জানা গেছে, ঘটনার দিন সন্ধ্যা ৮টা নাগাদ জ্যাকসন হাইটসে আড্ডা দিচ্ছিলেন মিজান। এ সময় কেউ পুলিশকে খবর দিলে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়।
এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস আহমেদ বলেন, আওয়ামী সন্ত্রাসীরা তাদের পলাতক নেত্রীর নির্দেশে পূর্ব ঘোষণা দিয়ে জঘন্যতম এই মব সৃষ্টি করেছে। আমরা এসব চিহ্নিত সন্ত্রাসীকে আটক করার দাবি জানিয়েছি।
প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল ইসলাম ঘটনার নিন্দা জানিয়েছেন।
