পুলিশ কমিশনার কার্যালয়ের সামনের সড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ পিএম

চট্টগ্রাম নগর কমিশনার কার্যালয়ের সামনের সড়কে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একদল নেতাকর্মী।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সিডিএ অ্যাভিনিউ সড়কে মিছিলটি হয়েছে। এই সড়কের পাশে নগর পুলিশ কমিশনারের কার্যালয়ের পাশাপাশি দামপাড়া পুলিশ লাইনসেরও অবস্থান রয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ছাত্রলীগ ও আওয়ামী লীগের একদল নেতাকর্মী নগরের এমএম আলী রোডের মুখে জড়ো হয়ে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন ২০ থেকে ২৫ জন। তাদের হাতে একটি ব্যানারে ‘শেখ হাসিনা ফিরবেই, বিজয় আসবেই।’ ব্যানারের নিচে লেখা ছিল আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নাম৷

মিছিলটি পুলিশ কমিশনারের কার্যালয়ে পেরিয়ে দামপাড়া বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি পুলিশের গাড়ি দেখে ছত্রভঙ্গ হয়ে যায়। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ব্যানার নিয়ে স্লোগান দিয়ে মিছিল করছেন ২০ থেকে ২৫ জন।

জানতে চাইলে খুলশী থানার ওসি মো. শাহীন বলেন, মিছিলে যারা অংশ নিয়েছে ভিডিও দেখে তাদের শনাক্ত করা হচ্ছে। শিগগির জড়িতদের গ্রেপ্তার করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত