আরিয়ানের সিরিজ দেখে চটেছেন সমীর ওয়াংখেড়ে, অতঃপর ...

আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪০ পিএম

‘জেলে থাকলে জনপ্রিয়তা বাড়ে …’, নেটফ্লিক্সের ওয়েব সিরিজ ‘ব্যাডস অফ বলিউড’ মুক্তির আগেই এই সংলাপ রীতিমতো ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। এরই মধ্যে শাহরুখ খানের ছেলে আরিয়ানের ‘ব্যাডস অফ বলিউড’ সিরিজের একটি চরিত্র নিয়ে এ বার ফুঁসে উঠলেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো প্রাক্তন অফিসার সমীর ওয়াংখেড়ে।

দিল্লি হাইকোর্টে তিনি শাহরুখ এবং তার প্রযোজনা সংস্থা রেড চিলি এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে ২ কোটি রুপির মানহানি মামলা করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, এই টাকা পেলে তিনি তা টাটা মেমোরিয়াল ক্যান্সার হাসপাতালে দান করবেন।

শাহরুখ এবং আরিয়ানের সঙ্গে সমীরের সম্পর্কের সমীকরণ নতুন নয়। ২০২১ সালে নভেম্বর মাসে প্রমোদতরীতে পার্টি করতে গিয়েছিলেন আরিয়ান। সেই সময়ে তাকে গ্রেপ্তার করা হয়। তখন এনসিবি কর্মকর্তা ছিলেন সমীর। ওই ঘটনায় জেলে রাত কাটাতে হয় আরিয়ানকে। পরে অবশ্য মামলা থেকে অব্যাহতি পেয়েছিলেন তিনি।

সেই সব অধ্যায় পার করে বলিপাড়ায় পরিচালক হিসেবে পা রেখেছেন আরিয়ান। তার প্রথম ওয়েব সিরিজ রীতিমতো আলোড়ন ফেলেছে। আর এই সিরিজের একটি দৃশ্য নিয়ে চলছে বিস্তর চর্চা। সেখানে এক জনৈক ব্যক্তির মুখে সংলাপ শোনা যাচ্ছে, ‘মাদক এই দেশটাকে ধ্বংস করে দিল…।’ ওই ব্যক্তির চেহারার বেশ মিল রয়েছে সমীরের সঙ্গে, এই দাবি করছিলেন নেটিজেনরা। আর তা দেখে বেজায় চটেছেন প্রাক্তন এনসিবি কর্তা। এর পরেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

প্রাক্তন এনসিবি কর্মকর্তার দাবি, মাদক বিরোধী এজেন্সি নিয়ে এই সিরিজটি বিভ্রান্তিকর ও নেতিবাচক প্রচার করেছে। এর ফলে এই সংস্থাগুলোর ওপর সাধারণ মানুষের আস্থা নষ্ট হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত