গোপালগঞ্জে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ৪, আহত ৩

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২১ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছে আরো ৩ জন। শনিবার বেলা ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মাঝিগাতি বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মাদারীপুরের কালকিনি থানার উত্তর রঞ্জনপুর গ্রামের মোতালেব পাইক (৮০) ও তার স্ত্রী দেলোয়ারা বেগম (৬৫), মেয়ে রুমা বেগম (৩৫) এবং ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার হেলেঞ্চা গ্রামের ওবায়দুল শেখ (৫০)। তারা কাশিয়ানীর মাঝিগাতিতে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল বলে একটি সূত্র জানিয়েছে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. রাসেল মিয়া বলেন, দুপুর ১২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি বাস কাশিয়ানীর মাঝিগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয় এবং অপর একজন কাশিয়ানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মারাত্মক আহত ৩ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন আরো ২ জন মারা যায়। এছাড়া আশংকাজনক অবস্থায় নুসরাত খাতুনকে (১৮) চিকিৎসা দেয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত