আখাউড়া স্থলবন্দরে ৬ দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৫ পিএম

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে নয় দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এসময় স্থল শুল্ক স্টেশনের কার্যক্রম ও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে আখাউড়া স্থলবন্দরের মাছ রপ্তানি কারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ফারুক মিয়া আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা ও লক্ষীপূজা উপলক্ষে দুই দেশের ব্যবসায়ীদের সিদ্ধান্ত মোতাবেক আগামী সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে পরবর্তী মঙলবার (২ অক্টোবর) ৪দিন, লক্ষী পূজা উপলক্ষে (৬ অক্টোবর) থেকে (৭ অক্টোবর) ২দিন— মোট ৬ দিন আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৬ দিন বন্ধের পর ৮ অক্টোবর বুধবার থেকে আবারও আমদানি-রপ্তানি শুরু হবে।

আখাউড়া স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খান বলেন, শারদীয় দূর্গাপূজা ও লক্ষীপূজা উপলক্ষে ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমসের কার্যক্রম সচল থাকবে। যাত্রী সেবা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।

আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট ওসি মোহাম্মদ আব্দুস সাত্তার বলেন, ৬ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার কার্যক্রম স্বাভাবিক থাকবে। প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে তারা যাতায়াত করতে পারবে।

প্রসঙ্গত, দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী আখাউড়া স্থলবন্দরে প্রতিদিন ফ্রিজিং মাছ, সিমেন্ট, ভোজ্য তেলসহ বিভিন্ন পণ্য রপ্তানি হয় ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলায়। সেখান থেকে রপ্তানিকৃত পণ্য সরবরাহ করা হয় দেশটি উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত