এশিয়া কাপ ২০২৫ জয়ের পরও বিজয়ী ট্রফি হাতে তুলতে পারেনি ভারত। ম্যাচশেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক সূর্যকুমার যাদব অভিযোগ করেন, টুর্নামেন্ট আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ভারতীয় দলকে ট্রফি দেয়নি।
২৮ সেপ্টেম্বর ফাইনাল শেষে উপস্থাপনা অনুষ্ঠান প্রায় এক ঘণ্টারও বেশি সময় বিলম্বিত হয়। শুরু হলে ভারতীয় দল মঞ্চে ওঠেনি, শুধু নয়— ট্রফিও তাদের হাতে যায়নি। সূর্যকুমার বিস্ময় প্রকাশ করে বলেন,“এমন ঘটনা আমি কোনোদিন দেখিনি। চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হয়নি। এই সাফল্য সহজে আসেনি, দুই দিনে টানা দুই শক্তিশালী ম্যাচ জিতে আমরা এই শিরোপা জিতেছি।”
তিনি আরও যোগ করেন, “আমার ড্রেসিংরুমে ১৪টা ট্রফি আছে। তবে আসল ট্রফি আমার সতীর্থ ও সাপোর্ট স্টাফরা— এই আসর জুড়ে তাদের অবদানই আমার কাছে স্মৃতির মতো থাকবে।”
ফাইনাল পরবর্তী নাটকের পেছনে ভারত-পাকিস্তান টানাপোড়েনই মূল কারণ হিসেবে দেখা যাচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান ও এসিসি সভাপতি মহসিন নাকভি—যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও—তার হাত থেকে ট্রফি নেবেন না, আগে থেকেই তা স্পষ্ট করেছিল ভারত।
ভারতীয় দলের অনুরোধ ছিল আমিরাত ক্রিকেট বোর্ডের ভাইস চেয়ারম্যান খালিদ আল জারুনির কাছ থেকে ট্রফি গ্রহণের। কিন্তু নকভি সে প্রস্তাব নাকচ করেন। এরপর আয়োজক কমিটির একজন মাঠ থেকে ট্রফিটি সরিয়ে নেন। ফলে ভারতীয়রা কেবল মেডেল নিয়েই সন্তুষ্ট থাকতে বাধ্য হয়।
অনুষ্ঠান শেষে খেলোয়াড়রা মঞ্চে উঠে কাল্পনিক ট্রফি নিয়ে আনন্দ উদযাপন করেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রফি ইমোজি দিয়ে ছবি শেয়ার করেন।
সংবাদ সম্মেলনের একেবারে শেষে সূর্যকুমার ঘোষণা দেন, এশিয়া কাপে খেলা প্রতিটি ম্যাচের ম্যাচ ফি তিনি ভারতীয় সেনাবাহিনীকে উৎসর্গ করবেন।
মহসিন নাকভির হাত থেকে ট্রফি না নিয়ে ভারতের অদ্ভুত উদযাপন
পাল্টাপাল্টি পোস্ট: আসিফ মাহমুদ- আমিই ঠিক ছিলাম, সাকিব- ফিরবো হয়তো কোনদিন