হাতিয়ায় নৌবাহিনীর বিপুল পরিমাণ জ্বালানি তৈল জব্দ, আটক ১

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৪ পিএম

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয়ে বাংলাদেশ নৌ বাহিনী পাঁচ হাজার ৩৭০ লিটার জ্বালানি তৈল জব্দ করেছে। এ সময় এক চোরাচালানকারী বেলাল উদ্দিনকে আটক করা হয়।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করে হাতিয়ায় কর্মরত বাংলাদেশ নৌবাহিনী। জব্দকৃত অবৈধ জ্বালানি তৈল সহ গ্রেপ্তারকৃত আসামিকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়। এর আগে শনিবার রাতে উপজেলার নলচিরা ঘাট এলাকায় অভিযান চালিয়ে অবৈধ জালানি তৈল জব্দ করা হয়। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপূর্ণ এলাকা সমূহে মাদক, অস্ত্র, চোরাচালান ও অবৈধ পণ্য পরিবহন রোধসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার রাতে নৌবাহিনীর একটি টহল দল বিষয়টি সন্দেহ হওয়ায় উক্ত দোকানে তল্লাশি করে বিপুল পরিমাণ অবৈধ জ্বালানি তৈলসহ বেলাল নামক একজন চোরাচালানকারীকে আটক করে।

আটককৃত বেলালের তথ্য মোতাবেক নলচিরা ঘাটের আরো বেশ কিছু দোকানে অভিযান চালানো হয়। এ সময় দোকানগুলো থেকে অবৈধভাবে মজুদকৃত ২৪ ব্যারেল এবং ২৯টি প্লাস্টিক জেরিকেনে পাঁচ হাজার ৩৭০ লিটার জ্বালানি তেল জব্দ করা হয়। জব্দকৃত তৈলের আনুমানিক মূল্য ছয় লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা। গ্রেপ্তারকৃত আসামিসহ জব্দকৃত জ্বালানি তৈল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজমল হুদা সোমবার জানান এ ব্যাপারে পুলিশ পাঁচ জনকে আসামি করে হাতিয়া থানায় মামলা করেছে। আটককৃত বেলালকে পুলিশ এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়েছে। বাকি আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত