‘‌‌‌‌‌‌‌‌‌‌‌‌ক্ষমা চাই’ রাজার কাছে আবেদন সাবেক থাই প্রধানমন্ত্রীর

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৫ পিএম

থাইল্যান্ডের প্রভাবশালী সাবেক প্রধানমন্ত্রী থাকসিন শিনাওয়াত্রা কারাদণ্ড কমানোর জন্য রাজার কাছে ক্ষমা চেয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) তার আইনজীবী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‌‌‌‌‌‌‌‌রাজকীয় ক্ষমার আবেদন জমা দেওয়া হয়েছে। এটি প্রতিটি বন্দির অধিকার। তবে আবেদনের সময়সীমা জানাননি তিনি।

থাকসিন থাইল্যান্ডের অন্যতম বিতর্কিত রাজনীতিবিদ। গত দুই দশক ধরে তিনি রাজতন্ত্রপন্থী ও সেনা-সমর্থিত গোষ্ঠীর সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে আছেন। এই ধনকুবের টেলিকম ব্যবসায়ী বর্তমানে ব্যাংককের একটি কারাগারে রয়েছেন।

থাইল্যান্ডের সুপ্রিম কোর্ট চলতি মাসে রায় দিয়েছে, ২০২৩ সালে থাকসিনের সাজা ভোগের পদ্ধতি বেআইনি ছিল। আদালত বলেছে, কারাগারের সেলে না থেকে হাসপাতালের বিশেষ কক্ষে তার থাকা আইনসম্মত নয়।

থাকসিন ২০০১ সালে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হন। ২০০৫ সালে তিনি পুনর্নির্বাচিত হন। তবে দ্বিতীয় মেয়াদ শেষ হওয়ার আগেই এক সেনা অভ্যুত্থানে তার সরকারের পতন হয়। এরপর তিনি দেশ ছেড়ে চলে যান।

গত বছর আগস্টে থাইল্যান্ডে ফেরার পর তাকে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মামলায় আট বছরের কারাদণ্ড দেওয়া হয়। তবে তিনি এক রাতও কারাগারের সেলে কাটাননি। তাকে সরাসরি হাসপাতালের ব্যক্তিগত কক্ষে নেওয়া হয়।

পরবর্তীতে রাজকীয় ক্ষমায় তার সাজা কমিয়ে এক বছর করা হয়। প্রবীণ বন্দিদের জন্য বিশেষ মুক্তির আওতায় তিনি কারাগার থেকে ছাড়া পান।

একসময় গ্রামীণ জনগণের মধ্যে থাকসিন ছিলেন অত্যন্ত জনপ্রিয়। তবে তার রাজনৈতিক দল একের পর এক আইনি ও রাজনৈতিক সংকটে পড়েছে। গত আগস্টে তার মেয়ে পায়তোংতার্ন শিনাওয়াত্রাকে প্রধানমন্ত্রীর পদ থেকে অপসারণ করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত