ঢাকাসহ দেশের আট বিভাগে মাঝারি ধরনের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সারা দেশে দিনে ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
নিয়মিত বুলেটিনে আবহাওয়া অফিস জানায়, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, সোমবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুর বিভাগের রাজারহাট ও খুলনার চুয়াডাঙ্গা ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া গত ২৪ ঘন্টায় দেশে সর্বোনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ ১৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ পূর্ব উত্তর প্রদেশ, ছত্তিশগড়, উড়িষ্যা, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
