খাগড়াছড়িতে সহিংসতা: তদন্তে ৫ সদস্যের কমিটি

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২২ পিএম

খাগড়াছড়ি জেলার গুইমারায় সহিংসতার ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গুইমারায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনকালে জেলা প্রশাসক (ডিসি) এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার একথা বলেন।

জেলা প্রশাসক বলেন, তারা যে অবরোধ দিয়েছে সেটা প্রত্যাহার করলে আমরাও ১৪৪ ধারা প্রত্যাহার করব।

তিনি বলেন, যারা নিহত ও আহত হয়েছে আমরা তাদের পাশে থাকব। তাদের পুনবার্সনের উদ্যোগ নেওয়া হবে। যারা চিকিৎসাধীন রয়েছে তাদের চিকিৎসার দায়িত্ব নিবো। আজকে আমরা এখানে এসেছি যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সমবেদনা জানানোর জন্য।

তিনি আরও বলেন, অবরোধকারীদের সঙ্গে আমাদের একটা বৈঠক হয়েছে। তাদের যে ৮ দফা দাবি রয়েছে তার মধ্যে আমরা সাতটা এড্রেস করেছি। আমরা চাই আলোচনার টেবিলে যেন বিষয়টির সমাধান হয়।

এ সময় পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, গুইমারায় সহিংসতায় যারা হতাহত হয়েছেন তাদের পরিবারকে মামলা করার জন্য অনুরাধ করা হয়েছে। তারা না করলে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

পরিদর্শনের সময় খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরাও উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, খাগড়াছড়িতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে ডাকা সড়ক অবরোধ অব্যাহত রয়েছে। জেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি ও ঢাকা-খাগড়াছড়ি সড়কে অবরোধ শিথিল করা হলেও দূরপাল্লার বাস চলাচল শুরু হয়নি। অভ্যন্তরীণ সড়কগুলোতেও অল্পসংখ্যক অটোরিকশা-ইজিবাইক চলাচল করছে। প্রশাসনের জারি করা ১৪৪ ধারাও বহাল রয়েছে জেলার সদর ও গুইমারা উপজেলায়।

পাহাড়ি এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠার পর এর প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতা এ অবরোধের ডাক দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত