ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে না রাখার দাবিতে সড়কে বসে অবরোধ

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম

প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুর জেলার নাম অন্তর্ভুক্ত না করে ঢাকার সঙ্গেই রাখার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল হয়েছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে 'জাগো শরীয়তপুর' নামের একটি সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। এরপর ঢাকা-শরীয়তপুর সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা।

এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে জেলা ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, ছাত্র অধিকার পরিষদ, ইসলামী ছাত্রশিবির, সচেতন নাগরিক সমাজসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবি, শরীয়তপুর থেকে ঢাকার দূরত্ব কম, আর ফরিদপুর তুলনামূলক দূরে। শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও দাপ্তরিক কাজ ঢাকাকেন্দ্রিক। তাই ঢাকার সঙ্গেই থাকতে চায় শরীয়তপুরবাসী। প্রস্তাবিত ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে অন্তর্ভুক্ত করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

স্থানীয় লোকজন জানান, কয়েক দিন আগে সরকার নতুন দুটি বিভাগ করার ঘোষণা দেয়। একটি ফরিদপুর ও অন্যটি কুমিল্লা। প্রস্তাবিত ফরিদপুর বিভাগে ঢাকা বিভাগের শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী ও ফরিদপুর জেলা অন্তর্ভুক্ত করার কথা বলা হয়। ঘোষণার পর থেকেই শরীয়তপুরের কয়েকটি সংগঠন আন্দোলন শুরু করেছে।

'জাগো শরীয়তপুর' আহ্বায়ক আমিন মোহাম্মদ জিতু বলেন, আমরা ঢাকা বিভাগে যুক্ত থাকতে চাই। ভৌগোলিক অবস্থান ও দূরত্বের দিক থেকে ঢাকার কাছের জেলা শরীয়তপুর। আমাদের চিকিৎসা, শিক্ষা ও ব্যবসা-বাণিজ্য ঢাকার সঙ্গে। তাই শরীয়তপুর জেলাকে কোনো অবস্থাতেই ফরিদপুর বিভাগের সঙ্গে যুক্ত হতে দেওয়া হবে না। আমাদের দাবি না মানা হলে ভবিষ্যতে কঠোর আন্দোলন গড়ে তুলবো।

'জাগো শরীয়তপুর' সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখার সাবেক আহবায়ক ইমরান আল নাজির বলেন, শরীয়তপুরকে ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত করার যে প্রস্তাব এসেছে তা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। এটি হলে জেলার মানুষ বঞ্চিত হবে। আমাদের দাবি মানা না হলে আমরা কঠিন আন্দোলনে নামবো।

জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচএম জাকির হোসেন বলেন, প্রতিদিন হাজারো মানুষ পড়াশোনা, চাকরি কিংবা চিকিৎসার জন্য ঢাকায় যায়। ফরিদপুরের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। তাই শরীয়তপুরকে ফরিদপুর বিভাগে যুক্ত করার প্রশ্নই আসে না।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, প্রস্তাবিত ফরিদপুর বিভাগের সঙ্গে শরীয়তপুর জেলাকে না রাখার দাবিতে একটি সংগঠন আন্দোলন করেছে। তারা কিছু সময়ের জন্য সড়কে অবস্থান করেছিল। জনদুর্ভোগ সৃষ্টি হলে আমাদের অনুরোধে তারা সড়ক ছেড়ে দেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত