লিভারপুল ও বরুশিয়া ডর্টমুন্ডের সাবেক কোচ ইয়ুর্গেন ক্লপ জানিয়েছেন, তিনি মোটেও কোচিং মিস করছেন না। ২০২৩-২৪ মৌসুম শেষে লিভারপুল ছাড়ার পর থেকেই ভিন্ন এক জীবন উপভোগ করছেন ৫৮ বছর বয়সী এই সাবেক জার্মান কোচ। তিনি নিজের মতো করে সময় কাটাতে পারছেন- এটাতেই তার আনন্দ।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ক্লপ বলেন, ‘২৫ বছরে মাত্র দুটি বিয়েতে উপস্থিত হতে পেরেছি—একবার নিজের, আরেকবার দুই মাস আগে। ২৫ বছরে মাত্র চারবার সিনেমা দেখেছি, সবকটাই গত আট সপ্তাহে। এখন সত্যিই ভালো লাগছে এগুলো করার সুযোগ পেয়ে। এখন আমি যখন চাই, তখন ছুটি কাটাতে পারি।’
কোচিংয়ে ফেরার প্রসঙ্গে তিনি জানান, ‘আপাতত এমন ইচ্ছা নেই। এখন কিছুই মিস করছি না। তবে ভবিষ্যতে কী হবে বলা মুশকিল। আমি এখন ৫৮। যদি ৬৫ বছরে ফিরে আসি, মানুষ বলবে, তুমি তো না বলেছিলে (আর ফিরে আসবেন না)? কিন্তু যখন বলেছিলাম, আমি শতভাগই সেটাই ভেবেছিলাম।’
হলিউড তারকা ড্যানিয়েল ক্রেগের উদাহরণ টেনে ক্লপ বলেন, ‘সবাই ভাবে জেমস বন্ড হওয়া দারুণ কিছু, কিন্তু বাস্তবে সেটের কাজ এতটা গ্ল্যামারাস নয়। ফুটবল কোচদের জীবনও এমনই—ভ্রমণ করলেও হোটেল, মাঠ আর ট্রেনিং গ্রাউন্ড ছাড়া কিছু দেখা হয় না।’
লিভারপুল ছাড়ার পর ক্লপ এখন রেড বুল ফুটবলের গ্লোবাল হেড হিসেবে কাজ করছেন। এরই অংশ হিসেবে আরবি লাইপজিগের কোচ পরিবর্তন থেকে শুরু করে নিউ ইয়র্ক রেড বুলের ট্রেনিং সেন্টারে সংস্কারের সিদ্ধান্তে তার ভূমিকা রয়েছে। সমালোচনার জবাবে তিনি বলেন, ‘আমি যা করি, নিজের কারণেই করি। সবাইকে খুশি করার জন্য নয়।’
বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল
সালাহকে বেঞ্চে রেখে চ্যাম্পিয়নস লিগেও হেরে গেল লিভারপুল
ক্ষমা চেয়ে সব দায় নিজের কাঁধে নিলেন মাশ্চেরানো