মহাত্মা গান্ধীর জন্মদিন আজ

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৯:১২ এএম

ভারতের অহিংসার প্রতীক মহাত্মা গান্ধীর জন্মদিন আজ ২ অক্টোবর। ১৮৬৯ সালের এই দিনে তিনি গুজরাটের পরবন্দরে জন্মগ্রহণ করেন।

ভারত দিনটিকে একটি জাতীয় উৎসব হিসেবে উদযাপন করে। তার সত্য ও অহিংসার ধারণাকে স্মরণ করে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানায় দেশটির জনগণ। দিনটি ভারতে জাতীয় ছুটি থাকে। স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের মতো এ দিনটিকেও জাতীয় উৎসবের মর্যাদা দেওয়া হয়েছে।

১৯১৫ সাল থেকে ভারতের স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ছিলেন মহাত্মা গান্ধী। তার আগে বহু দশক ধরে স্বাধীনতা সংগ্রাম চলছিল। কিন্তু গান্ধীর সক্রিয়তা ভারতীয় স্বাধীনতা আন্দোলনকে অসাধারণ প্রাণশক্তি দেয়। ১৯৪৭ সালের ১৫ আগস্ট ইংরেজ শাসন থেকে স্বাধীনতা লাভ করে। প্রায় ২০০ বছরের ব্রিটিশ শাসনের পর এই দিন ভারত একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।

মহাত্মা গান্ধী ছিলেন অন্যতম প্রধান ভারতীয় রাজনীতিবিদ, ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্রগামী ব্যক্তিদের একজন। তিনি ছিলেন সত্যাগ্রহ আন্দোলনের প্রতিষ্ঠাতা। এর মাধ্যমে স্বৈরশাসনের বিরুদ্ধে জনসাধারণের অবাধ্যতা ঘোষিত হয়েছিল।

১৯৪৮ সালের ৩০ জানুয়ারি প্রার্থনা সভায় যোগ দিতে যাওয়ার সময় নাথুরাম গডসের গুলিতে মারা যান মহাত্মা গান্ধী।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত