ফেনীতে বাস উল্টে পড়ল দোকানে, নিহত ৩

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ১২:৪১ পিএম

ফেনীর দাগনভূঞায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস উল্টে গিয়ে সড়কের পাশের দোকানে পড়েছে। এতে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের সিলোনিয়া বাজার সংলগ্ন লাকি রোডের মুখে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজনের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। একজনের নাম শ্রাবণ, অন্যজন শামীম আরা বেগম। তাদের বাড়ি দাগনভূঞা উপজেলায়। ফেনী জেনারেল হাসপাতালের চিকিৎসক তিন জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। 

পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছার আগে স্থানীয়রা আহতদের উদ্ধার করে।

তারা  জানান, বাসটি ফেনী থেকে নোয়াখালীর দিকে যাচ্ছিল। এ সময় রাস্তার পাশে থাকা একটি খুঁটির সাথে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে। 

আহতদের ফেনীর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। মহিপাল হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ হারুন উর রশিদ জানান, চালক বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে এমন ঘটনা ঘটে থাকতে পারে। তবে প্রকৃত কারণ তদন্তের পর নিশ্চিত করে বলা যাবে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত