ছারপোকার ওষুধের বিষক্রিয়ায় রাজধানীতে একজনের মৃত্যু

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০১:৪১ পিএম

রাজধানীর লালবাগ শহীদনগরে একটি বাসায় ছারপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় জীবন (২৯) নামে এক যুবক মারা গেছেন।

বুধবার (১ অক্টোবর) গভীর রাতে শহীদনগর জগন্নাথ সাহা রোড মিস্টি গলির এক ৬ তলা বাড়ির ৩য় তলায় এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় জীবনকে বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানায়, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাকিরাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে জীবন। স্ত্রী ও এক ছেলেসহ পরিবার নিয়ে শহীদনগরের ওই বাসায় ভাড়া থাকতেন। এলাকাতে বাবার ভাঙারির দোকানে তিনি কাজ করতেন।

তার বাবা নুর ইসলাম জানান, বুধবার হকারের কাছ থেকে ছারপোকা মারার গ্যাস ট্যাবলেট কিনে আনেন তিনি। সকাল ১১টার দিকে বাসার প্রতিটি রুমে সেই ট্যাবলেট ছড়িয়ে রেখে বাসা বন্ধ করে শহীদনগরে তার মেয়ের বাসায় চলে যান পরিবারের সবাই। ২৪ ঘণ্টা পর অর্থাৎ আজ সকালে তাদের বাসায় ফেরার পরিকল্পনা ছিল।

তিনি জানান, রাতে কাউকে কিছু না বলে স্ত্রী মিতুর কাছে বলে জীবন বাসায় চলে যান। সেখানে একাই নিজের রুমে ঘুমিয়ে পড়ে। এরপর আজ সকালে সবাই বাসায় ফিরে জীবনকে ডাকাডাকি করলে কোন সারাশব্দ না পেয়ে এক পর্যায়ে দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখেন বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন তিনি। তার হাত পা শক্ত হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত বলে জানান। 

চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য লালবাগ থানায় অবগত করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত